বিশ্বকাপের মঞ্চে করোনার দাপট, সংক্রমিত দুই ভারতীয় সহ তিন শুটার
বিশ্বকাপের মঞ্চে করোনার দাপট, সংক্রমিত দুই ভারতীয় সহ তিন শুটার
ভারতে ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। দিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপে ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করেছে কোভিড ১৯। শুক্রবার প্রতিযোগিতায় অংশ নেওয়া এক বিদেশি শুটারের শরীরে করোনার চিহ্ন মিলেছিল। এবার দুই ভারতীয় সহ তিন শুটারের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।

গত শুক্রবার থেকে দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে শুরু হয়েছে ইন্টান্যাশনার শুটিং স্পোর্ট ফেডারেশন বা আইএসএসএফ পরিচালিত বিশ্বকাপ। ইভেন্ট শুরুর আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২০১৬-র রিও অলিম্পিকের ফাইনালে পৌঁছনো বিদেশি শুটার। অতিমারীর কবলে যে তিনি একা পড়েননি, তা বোঝা গেল শনিবার। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এনআরএআই-এর এক সূত্রের তরফে জানানো হয়েছে, দুই ভারতীয় সহ বিশ্বকাপে অংশ নেওয়া আরও তিন শুটারের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে।
করোনা আক্রান্ত দুই ভারতীয় শুটার বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশ নিয়েছিলেন বলে জানানো হয়েছে। সরকারি স্বাস্থ্য এবং সুরক্ষা বিধি মেনে আপাতত তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে খবর। দুই শুটারের শারীরিক অবস্থায় স্থিতিশীল বলেও জানিয়েছে এনআরএআই। অন্যদিকে করোনা আক্রান্ত আরও এক বিদেশি শুটারকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি প্রটোকল মেনে করোনা আক্রান্ত তিন শুটারের নাম গোপন রাখা হয়েছে। তবে তাঁদের রুমমেটদের পুনরায় কোভিড ১৯ টেস্ট করানোর পাশাপাশি আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর।
ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করতে শুরু করেছে করোনা ভাইরাসের নতুন ঢেউ। বিশ্বব্যাপী প্রায় সাড়ে ১২ কোটি মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৭ লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় এক লক্ষ ষাট লক্ষ মানুষ। করোনার নতুন ঢেউ আছড়ে পড়েছে মহারাষ্ট্র, কর্নাটক, গোয়ার মতো রাজ্যে। সেসব রাজ্যে অবিলম্বে লকডাউন ঘোষণা করতে পারে সরকার।












Click it and Unblock the Notifications