Tokyo Olympics : পদক জয়ের লক্ষ্যেই চেন্নাই ছাড়লেন সাথিয়ান, সঙ্গী ইতিবাচক ভাবনা
Tokyo Olympics : পদক জয়ের লক্ষ্যেই চেন্নাই ছাড়লেন সাথিয়ান, সঙ্গী ইতিবাচক ভাবনা
টোকিও অলিম্পিক থেকে পদক জয়ের লক্ষ্য নিয়েই চেন্নাই ছাড়লেন সাথিয়ান গ্নানাসেরকরন। টেবিল টেনিস তারকার থেকে পদকও আশা করছেন দেশের ক্রীড়া প্রেমীরা। আশাবাদী তিনি নিজেও। জানিয়েছেন, ইতিবাচক ভাবনাকে সঙ্গে নিয়েই মিশন টোকিওতে তিনি নামবেন। গেমসে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন সাথিয়ান।

অলিম্পিকে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত
টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা ভারতের চার সদস্যের টেবিল টেনিস দলে রয়েছেন সাথিয়ান গ্নানাসেকরন। মেগা গেমসে অংশ নিতে পেরে তিনি উচ্ছ্বসিত। জানিয়েছেন যে করোনা ভাইরাসের আবহে যতটুকু প্রস্তুতি নিতে পেরেছেন, তাতে তিনি সন্তুষ্ট। এই পর্বে পৌঁছনোর জন্য কোচ রমনকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন সাথিয়ান। বিশ্বাস করেন যে ২০১৮ সালের কমনওয়েলথ গেমস ও ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন চ্যালেঞ্জে সোনা জয়ের অভিজ্ঞতা তাঁকে অলিম্পিকে ভাল খেলতে সহয়তা করবে।

চাপমুক্ত হয়েই নামছেন
প্রথমবার অলিম্পিকে অংশ নিতে যাওয়া সাথিয়ান অবশ্য চাপমুক্ত হয়েই খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা টোকিওতে তাঁর কাজে আসবে বলেও মনে করেন চেন্নাইয়ের টেবিল টেনিস তারকা। একই ভারতের টোকিওগামী টেবিল টেনিস দলের বাকি সদস্যদের সঙ্গে তাঁর বোঝাপড়া ভাল হওয়া নিয়েও আশাবাদী সাথিয়ান। ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক এমএস ধোনি যে তাঁর অনুপ্রেরণা, সবশেষে সে কথাও জানাতে ভোলেননি সাথিয়ান।

ভারতের টেবিল টেনিস দল
টোকিও অলিম্পিকে ভারত থেকে প্রতিনিধিত্ব করতে চলা টেবিল টেনিস দলে রয়েছেন চার জন সদস্য। যেখানে রয়েছে অচন্তা শরথ কমলের মতো তারকাদের নাম। রয়েছে সুতীর্থা মুখোপাধ্যায়ের মতো বাঙালি নামও। সেই দলে নিজেকে অন্তর্ভূক্ত করতে পেরে গর্ববোধ করছেন জি সাথিয়ান। তাঁদের কোচ হিসেবে টোকিওতে থাকবেন বাংলার সৌম্যদীপ রায়।

আগামী সপ্তাহেই শুরু অলিম্পিক
২০২০ সালের ২৪ জুলাই থেকে টোকিওতে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে তা এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে গেমস। সেখানে ভারতীয় টেবিল টেনিস তারকাদের থেকে সেরাটা আশা করছেন দেশের ক্রীড়া প্রেমীরা।












Click it and Unblock the Notifications