সুফিয়া সুফি নয়া নজির গড়লেন কাতারে, দ্রুততমা হিসেবে দখলে চতুর্থ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
ভারতের আল্ট্রা রানার সুফিয়া সুফি দ্রুততমা হিসেবে কাতারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পাড়ি দিয়ে দখলে নিলেন চতুর্থ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। বিমান সংস্থার কাজ ছেড়ে আল্ট্রা রানার হিসেবে কেরিয়ার শুরু।
সুফিয়া সুফি ভারতের লং ডিসট্যান্স রানার। আগে তাঁর দখলে এসেছিল তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এবার ভারতের বাইরে গিয়ে চতুর্থ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি সুনিশ্চিত করে ফেললেন এই আলট্রা-ডিসট্যান্স রানার। ৩০ ঘণ্টা ৩৪ মিনিট সময় নিয়ে তিনি অতিক্রম করলেন ২০০ কিলোমিটারের বেশি পথ। দৌড়ানোর সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও সেই প্রতিবন্ধকতার কাছে হার মানেননি।

বিমান সংস্থার কাজ ছেড়ে আল্ট্রা রানার
রাজস্থানের সুফিয়া সুফি ২০১৮ সালে বিমান সংস্থার চাকরি ছেড়ে নিজেকে আল্ট্রা রানার হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নেমে পড়েন। রিল্যাক্স ও স্ট্রেস-মুক্ত থাকার ইচ্ছা নিয়েই শুরু নতুন অভিযান। গত বছর ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ এবং শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তিনি সিয়াচেন বেস থেকে কার্গিল ওয়ার মেমোরিয়াল অবধি দৌড়েছিলেন। ভারতের আল্ট্রা রানিংয়ে একাধিক রেকর্ড তাঁর ঝুলিতে রয়েছে।
(ছবি- সুফিয়া সুফির টুইটার)
|
কাতারে নয়া নজির
এবার তিনি পাড়ি দিলেন কাতারের দক্ষিণ থেকে উত্তরভাগে, রান অ্যাক্রস কাতারের মধ্যে। সুস্থ জীবনযাত্রায় সকলকে উৎসাহিত করতেই তিনি এই দৌড়ে অংশ নেন। গত জানুয়ারিতে আবু সামরা থেকে শুরু হয়েছিল দৌড়। দোহা হয়ে তা শেষ হয়েছিল আল রুয়েসে। ২১০ কিলোমিটারের বেশি ছিল এই যাত্রাপথ। জানা যাচ্ছে, পথিমধ্যে তাঁকে পেটের সমস্যায় পড়তে হয়েছিল। তিনবার বমিও করতে হয়। উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় নতুন চ্যালেঞ্জ সামলে শেষ অবধি অভিযানে সফল হন সুফিয়া।
|
চতুর্থ গিনেস বিশ্ব রেকর্ড
সুফি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন খুশির খবর। তিনি জানিয়েছেন, আমার চতুর্থ বিশ্বরেকর্ড সরকারিভাবে স্বীকৃতি পেল। কাতারে দ্রুততম দৌড়ের রেকর্ডটিও এখন ভারতের দখলে। এই রেকর্ড দেশের জন্য গড়তে পেরে তিনি যে গর্বিত সে কথাও জানিয়েছেন সুফি। মানালি-লেহ পাড়ি দিয়ে তিনি তৃতীয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি নিশ্চিত করেছিলেন ৬ দিন ১২ ঘণ্টা ৬ মিনিটে তিনি দ্রুততমা হিসেবে অতিক্রম করেন ৪৮৬ কিলোমিটার পথ।
|
বিদেশে প্রথমবার
দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের সোনালি চতুর্ভুজের ৬০০২ কিলোমিটার তিনি অতিক্রম করেছিলেন দ্রুততমা দৌড়বিদ হিসেবে, সেটিও একটি গিনেস রেকর্ড। এ জন্য তাঁর লেগেছিল ১১০ দিন ২৩ ঘণ্টা ২৪ মিনিট। ২০২০ সালের ১৬ ডিসেম্বর শুরু করেছিলেন দৌড়। শেষ হয়েছিল ২০২১ সালের ৬ এপ্রিল। এখানেই শেষ নয়। সুফিয়া ২০১৯ সালে কাশ্মীর থেকে কন্যাকুমারী পাড়ি দিয়েও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। এই পথ অতিক্রম করতে তিনি সময় নেন ৮৭ দিন ২ ঘণ্টা ১৭ মিনিট। এটিই ছিল তাঁর প্রথম গিনেস রেকর্ড। এবার বিদেশে গিয়েও বিশ্বরেকর্ড! ২০২৪ সালে তিনি ফের নতুন অভিযানে নামবেন বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications