পন্থের প্রশংসায় সৌরভ, দিলেন দরকারি টিপসও - কোথায় উন্নতি দরকার, জেনে নিন দাদার পরামর্শ
সৌরভ গঙ্গোপাধ্যায় ঋষভ পন্থের প্রশংসা করেছেন। তবে তিনি চান তরুণ উইকেটরক্ষক বিরাট কোহলির কাছ থেকে শিখুন কীভাবে চাপের মুখে নিজের স্বাভাবিক খেলা ধরে রাখতে হয়।
টেস্ট সিরিজের আগে পার্থীব প্যাটেল না ঋষভ পন্থ কাকে উইকেটের পিছনে খেলার দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে। এর মধ্যেই এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ঋষভের খেলার ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

'দাদা' বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট-মস্তিষ্ক। তাই পন্থের প্রশংসার পাশাপাশি তাঁর কোথায় কোথায় উন্নতির দরকার আছে তাও বাতলে দিয়েছেন এক সর্বভারতীয় পত্রিকায় লেখা কলামে। তিনি বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পন্থকে নিজের খেলা সহজ-সরল রাখতে হবে।
সেই কাজটা তিনি কার কাছ থেকে শিখতে পারেন? সৌরভ জানিয়েছেন, পন্থ খুবই সৌভাগ্যবান। কারণ, এই বিষয়ের প্রকৃষ্ট উদাহরণ তাঁর সামনেই রয়েছে। একেবারে সামনে থেকে শিখতে পারেন পন্থ। তিনি হলেন তাঁণর অধিনায়ক বিরাট কোহলি। সৌরভ সাফ জানিয়েছেন, পন্থ অবশ্যই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা। কিন্তু বিরাটকে দেখে শিখথে হবে তাঁকে।
সৌরভ বিশেষ করে উল্লেখ করেছেন ব্রিসবেনের প্রথম টি২০ ম্যাচের কথা। সেই ম্যাচে ভারত মাত্র ৪ রানে পরাজিত হয়েছিল। সৌরভ মনে করেন ভাগ্যের জোরে সেই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু, ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল পন্ঠের আউট হওয়া। বস্তুত, ভারতের হারের পর সোশ্যাল মিডিয়ায়, একাংশের ভারতীয় সমর্থক সরাসরি পন্থকে দায়ী করেছিলেন।
ম্যাচে পন্থ একটি অভিনব শট খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন। দাদা সেই বিষয়টি উল্লেখ করেই বলেছেন, মাঠের প্রত্যেক জায়গায় শট খেলার ক্ষমতা রয়েছে ঋষভের। কিন্তু, অনেক সময়ই অভিজ্ঞতার অভাবে তিনি বাড়তি কিছু করার চেষ্টা করেন। যেরকমটা করেছিলেন ব্রিসবেনে। বিরাটকে দেখে তিনি সামনে থেকে শিখতে পারেন, চাপের মুখেও কীভাবে নিজের স্বাভাবিক খেলাকে ধরে রাখতে হয়।
তবে অস্ট্রেলিয়ায় ৫ দিনে ৩টি টি২০ খেলাটা অত্যন্ত কঠিন কাজ বলেও মন্তব্য করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি জানিয়েছেন, এই কঠিন সূচি দেখে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন।












Click it and Unblock the Notifications