SL vs IND: ১৪ বলে ১ রান তুলতে পারল না ভারত! শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইয়ে হতাশ রোহিত চিহ্নিত করলেন খামতি
SL vs IND: জেতার মুখ থেকে টাই! রোহিত শর্মার অধিনায়কত্বে এই প্রথম ভারতের কোনও ওডিআই টাই হয়ে গেল। স্বাভাবিকভাবেই হতাশ রোহিত শর্মা।
শ্রীলঙ্কার স্পিনাররাই তুলে নিলেন ভারতের ৯ উইকেট। তৃতীয় টি২০ আন্তর্জাতিকে বল হাতে কামাল দেখিয়ে শ্রীলঙ্কাকে ভারতের রান পার করতে দেননি সূর্যকুমার যাদব। আজ সেই ভূমিকায় শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা।

জয়ের জন্য ভারতের নক্ষত্রখচিত ব্যাটিং লাইন আপের সামনে টার্গেট ছিল ২৩১ রানের। কিন্তু ভারত ৪৭.৫ ওভারে ২৩০ রানেই শেষ। রোহিত শর্মা বলেন, রান তোলার মতোই ছিল। দরকার ছিল ভালো ব্যাটিং। আমরা মাঝেমধ্যে সেটা করলেও মোমেন্টাম ধরে রাখতে পারিনি।
রোহিত বলেন, আমাদের শুরুটা ভালো হয়য়েছিল। তবে স্পিনাররা আক্রমণে এলে ভালো চ্যালেঞ্জ সামলাতে হবে, সেটাও বুঝতে পারছিলাম। কয়েকটা উইকেট হারানোতেই সমস্যা হয়ে যায়। তবে লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের পার্টনারশিপ ঘুরে দাঁড়াতে সহায়তা করে। ১৪ বলে ১ রান তুলতে না পেরে হতাশ লাগছে।
তবে এমনটা হতে পারে বলে উল্লেখ করে রোহিত বলেন, শ্রীলঙ্কাও ভালো খেলেছে। এমন পরিস্থিতি ছিল না যেখানে অবলীলায় শট খেলা যায়। উইকেটে পড়ে থেকে রান বাড়ানোর প্রয়োজনীয়তা ছিল। দলের সামগ্রিক লড়াইয়ে খুশি হলেও স্নায়ুর যুদ্ধ-জয়ের উপযোগিতার কথাও স্মরণ করিয়েছেন রোহিত।
ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচের সেরা দুনিথ ওয়েল্লালাগের কথায়, উইকেট স্পিন-সহায়ক ছিল। ফলে ভারতীয় বোলারদের উপর চাপ তৈরিই লক্ষ্য ছিল। প্রথমে লিয়ানাগে ও পরে হাসারঙ্গার সঙ্গে ভালো পার্টনারশিপ হয়েছে। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ২২০ রানে পৌঁছনো। উইকেট পরে ভালো হয়ে গিয়েছিল। হাসারঙ্গা আর আমাদের ক্য়াপ্টেনই ম্যাচ ঘোরালেন।
ভারতের কাছে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ চরিথ আসালঙ্কাকেই ওডিআই সিরিজের অধিনায়ক করেছে শ্রীলঙ্কা। তাঁর কথায়, আমরা জানতাম ২৩০ পর্যাপ্ত স্কোর। বিকেলের দিকে বল ঘুরছিল। তবে নৈশালোকে বল ভালো ব্যাটে আসছিল। ফলে বোলারদের কাজটা সহজ ছিল না। ভারতীয় দলে বাঁহাতিদের দেখেই বোলিং করার পরিকল্পনা মাথায় আসে বলে জানান আসালঙ্কা। দুনিথ, নিসঙ্কার ব্যাটিং-সহ দলের পারফরম্যান্সে খুশি শ্রীলঙ্কার অধিনায়ক।












Click it and Unblock the Notifications