মালয়েশিয়া মাস্টার্সে সিন্ধু গর্জন, শেষ আটে শ্রীকান্ত ও প্রণয়, লক্ষ্যর বিদায়
মালয়েশিয়া মাস্টার্স খেতাব জয়ের আশা জাগাচ্ছেন পিভি সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে ভারতের দুই শাটলার কিদাম্বি শ্রীকান্ত এবং এইচএস প্রণয়ও পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে।
অলিম্পিকে দুবারের পদকজয়ী সিন্ধু এদিন স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন জাপানের প্রতিপক্ষকে। ভারতের এই মহিলা শাটলার মালয়েশিয়া মাস্টার্সে খেলছেন ষষ্ঠ বাছাই হিসেবে।

এই মুহূর্তে পিভি সিন্ধু বিশ্বে ত্রয়োদশ স্থানে রয়েছেন। তাঁর প্রতিপক্ষ ওহোরি বিশ্বের ২৮ নম্বর শাটলার। মাত্র ৪০ মিনিটেই এদিন জয় ছিনিয়ে নিলেন সিন্ধু। রাউন্ড অব সিক্সটিন ম্যাচ তিনি জিতলেন ২১-১৬, ২১-১১ ব্যবধানে। এই নিয়ে ১২টি দ্বৈরথে প্রতিবারই ওহোরিকে হারালেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে চিনের ওয়াই মান ঝাং।

পুরুষদের সিঙ্গলসে আজ প্রথম জয়টি নিশ্চিত করেন বিশ্বের ৯ নম্বর তারকা এইচএস প্রণয়। রাউন্ড অব সিক্সটিনে তাঁর প্রতিপক্ষ ছিলেন চিনের লি সি ফেং। ১ ঘণ্টা ১০ মিনিটের লড়াই প্রণয় জিতলেন ১৩-২১, ২১-১৬, ২১-১১ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে প্রণয় খেলবেন জাপানের কেন্তা নিশিমোতের বিরুদ্ধে।

কিদাম্বি শ্রীকান্ত এদিন হারিয়ে দিয়েছেন পুরুষদের সিঙ্গলসের অষ্টম বাছাই তাইল্যান্ডের কুনলাভুট ভিতিদসার্নকে। ৪৫ মিনিটের লড়াই শ্রীকান্ত জিতে নেন স্ট্রেট গেমেই। খেলার ফল ২১-১৯, ২১-১৯। প্রণয়, শ্রীকান্তদের সঙ্গে অবশ্য শেষ আটে পৌঁছতে পারলেন না লক্ষ্য সেন।
রাউন্ড অব সিক্সটিনে লক্ষ্যর প্রতিপক্ষ ছিলেন হংকংয়ের অ্যাঙ্গাস এনজি কা লং। প্রথম গেম লক্ষ্য হেরে যান ১৪-২১ ব্যবধানে। দ্বিতীয় গেমে পিছিয়ে থেকেও জোর টক্কর দিচ্ছিলেন ভারতীয় শাটলার। তবে শেষরক্ষা হয়নি। ৪৭ মিনিটের লড়াইয়ে দ্বিতীয় গেমে সিন্ধুকে ২১-১৯ ব্য়বধানে হারিয়ে দেন হংকংয়ের প্রতিপক্ষ।












Click it and Unblock the Notifications