সাত্ত্বিক-চিরাগ জুটির বাজিমাত ফরাসি ওপেন ব্যাডমিন্টনে, দখলে তৃতীয় ওয়ার্ল্ড ট্যুর খেতাব
সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির হাত ধরে ভারতীয় ব্যাডমিন্টনে সোনালি সাফল্য। বিশ্বের ৮ নম্বর ডাবলস জুটির দখলে এলো ফরাসি ওপেন ব্যাডমিন্টন সুপার ৭৫০ খেতাব। ২০১৯ সালে ফাইনালে উঠেও এই খেতাব অধরাই থেকে গিয়েছিল ভারতীয় জুটির কাছে। গতকাল ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি হারাল চাইনিজ তাইপের লু চিং ইয়াও-ইয়াং পো হান জুটিকে।

সাত্ত্বিক-চিরাগ জুটি বিশ্বের ২৫ নম্বর চাইনিজ তাইপের জুটিকে হারাল ২১-১৩, ২১-১৯ ব্যবধানে। ফাইনালে মাত্র ৪৮ মিনিটেই জয় ছিনিয়ে নিয়েছেন ভারতীয় শাটলাররা। ২০১৯ সালে তাইল্যান্ড ওপেন এবং চলতি বছরে ইন্ডিয়ান ওপেনের পর সাত্ত্বিক-চিরাগ জুটি এই নিয়ে তৃতীয় কোনও ওয়ার্ল্ড ট্যুর খেতাবের দখল নিল। প্রথম গেমের শুরুতেই তাঁরা ৫-০ ব্যবধানে এগিয়ে যান। বিরতিতে প্রতিপক্ষের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে ছিলেন তাঁরা। দ্রুতগতির র্যালির মাধ্যমেই চাইনিজ তাইপে জুটিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে ভারতীয় জুটি।
From paris with ❤️. #FrenchOpen pic.twitter.com/jVhp5BexkQ
— Chirag Shetty (@Shettychirag04) October 31, 2022
দ্বিতীয় গেমে তবু কিছুটা লড়াই চালান লু চিং ইয়াও ও ইয়াং পো হান। এই গেমেও বিরতিতে ছয় পয়েন্টে এগিয়ে ছিলেন চিরাগ ও সাত্ত্বিক। এরপর চাইনিজ তাইপে জুটি ব্যবধান কমিয়ে ১০-১২-তে স্কোর নিয়ে এসে মরিয়া লড়াই চালাতে থাকে। যদিও শেষরক্ষা করতে পারেনি। খেলার স্কোরলাইন যখন ১৯-১৯ তখন মাথা ঠাণ্ডা রেখে জয় ছিনিয়ে নেয়। সাত্ত্বিকের অ্যাটাকিং রিটার্নেই খেতাব জয় সম্পন্ন হয়। চলতি বছর দুরন্ত ছন্দে রয়েছে সাত্ত্বিক ও চিরাগ। তাঁরা কমনওয়েলথ গেমসে সোনা জেতার পাশাপাশি থমাস কাপ খেতাব জিতেছেন। অগাস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ফিরেছেন ব্রোঞ্জ জিতে।












Click it and Unblock the Notifications