Sania Nehwal: সাইনা নেহওয়াল লড়ছেন ভয়াবহ রোগের সঙ্গে, চলতি বছরেই নিতে পারেন অবসর
Sania Nehwal: সাইনা নেহওয়াল চলতি বছরেই ব্যাডমিন্টনকে বিদায় জানাতে পারেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শাটলার নিজেই এ কথা জানিয়েছেন।
সাইনা আর্থারাইটিসে ভুগছেন। আর সেটাই তাঁর কেরিয়ারকে অনিশ্চয়তার মুখে ফেলে দিল।

সাইনা জানিয়েছেন, তাঁর হাঁটুতে আর্থারাইটিসের সমস্যা দেখা দিয়েছে। সে কারণে অনুশীলনও ভালোভাবে করতে পারছেন না। ওই পরিস্থিতিতে ব্যাডমিন্টনকেই পাকাপাকিভাবে বিদায় জানানোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন এই শাটলার।
সাইনার কথায়, আমার হাঁটুর অবস্থা ভালো নয়। আর্থারাইটিস ধরা পড়েছে। কার্টিলেজের অবস্থাও খুব খারাপ জায়গায় পৌঁছেছে। এতে ৮-৯ ঘণ্টা অনুশীলন করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে কীভাবে বিশ্বের তাবড় প্লেয়ারদের চ্যালেঞ্জ ছুড়ব?
গগন নারাংয়ের হাউস অব গ্লোরি পডকাস্টে সাইনা বলেন, বাস্তব পরিস্থিতি মেনে নিয়েই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কেন না, সর্বোচ্চ পর্যায়ে বিশ্বের নামজাদা প্লেয়ারদের বিরুদ্ধে খেলে জয় ছিনিয়ে নেওয়ার জন্য ২ ঘণ্টার অনুশীলন যথেষ্ট নয়।
গত বছর সিঙ্গাপুর ওপেনের পর থেকে সাইনা প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে অংশ নেননি। সাইনা বলেন, অবসর নিয়েও চিন্তাভাবনা শুরু করেছি। বিষয়টি খারাপ লাগার হলেও। অনেক ক্রীড়াবিদেরই কেরিয়ার বড় হয় না। আমি খেলা শুরু করেছিলাম ৯ বছর বয়সে, এখন আমার বয়স ৩৫। ফলে আমার কেরিয়ার বেশ দীর্ঘই। এ জন্য আমি গর্বিতও।
তাঁর শরীর যে আগের মতো নেই সেটাই বুঝতে পারছেন সাইনা। কেরিয়ারে যা অর্জন করেছেন তাতে তিনি খুশি। চলতি বছরের শেষের দিকেই পরিস্থিতি পর্যালোচনা করে অবসরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সাইনা। উল্লেখ্য, অলিম্পিক্স পদকের পাশাপাশি ২০১০ ও ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সাইনা সোনা জেতেন।
প্যারিস অলিম্পিক্সে নামতে না পারার হতাশা রয়েছে সাইনার। তিনি বলেন, ছোটবেলা থেকেই সকলে অলিম্পিক্সে নামার স্বপ্ন দেখেন। সেই অবধি পৌঁছতে তাঁরা নিজেদের প্রস্তুত করেন। তবে যখন অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করা সম্ভব হয় না, তখন খারাপ লাগে। এমন নয় যে, খেলতে চাই না। কিন্তু শরীরই যেন বার্তা দেয়, সব ঠিক চলছে না। চোট রয়েছে।
সাইনার কথায়, আমি কঠোর পরিশ্রম করেছি। কেরিয়ারে তিনবার অলিম্পিক্সে অংশগ্রহণ করেছি। নিজের ১০০ শতাংশ দিয়েছিল প্রতিটি অলিম্পিক্সেই। এতে আমি গর্বিত। ভালো লাগার অনুভূতিও রয়েছে। উল্লেখ্য, ব্য়াডমিন্টনে ভারত অলিম্পিক্স থেকে তিনটি পদক জিতেছে। প্রথমটি জেতেন সাইনা। এরপর ২০১৬ ও ২০২১ সালের অলিম্পিক্সে পিভি সিন্ধু জোড়া পদক জেতেন।












Click it and Unblock the Notifications