ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে করোনার হানা! ইংল্যান্ডের কেউ আসছেন না, ছিটকে গেলেন ভারতের দুই শাটলার
শুরুর আগেই ধাক্কা খেল ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন। ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি অবধি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের কেডি যাদব ইন্ডোর হলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এর মাধ্যমেই বিডব্লুএফের চলতি বছরের ওয়ার্ল্ড ট্যুরের সূচনা হবে। তবে ইংল্যান্ডের শাটলারদের পর এই ইভেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন ভারতের অলিম্পিয়ান শাটলার বি সাই প্রণীথ। তাঁর সঙ্গে ধ্রুব রাওয়াতও করোনা পজিটিভ হওয়ায় খেলতে পারবেন না ইন্ডিয়া ওপেনে।

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সাই প্রণীথ ও ধ্রুব প্রণীত করোনা পজিটিভ হওয়ায় তাঁদের নাম প্রত্যাহার করেছেন ইন্ডিয়া ওপেন থেকে। দিল্লি রওনা হওয়ার আগে তাঁরা যে আরটিপিসিআর পরীক্ষা করিয়েছিলেন তার রিপোর্টই পজিটিভ এসেছে। এদিনই জানা গিয়েছিল ইংল্যান্ডের কোনও শাটলারও ইন্ডিয়া ওপেনে অংশ নেবেন না। ইংল্যান্ডের শাটলার তথা ডাবলস প্লেয়ার সিন ভেন্ডি ও কোচ নাথান রবার্টসন করোনা আক্রান্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের কেউই ভারতের উদ্দেশ্যে রওনাই হননি। দিল্লিতে যে হোটেলে খেলোয়াড়, কোচ ও অফিসিয়ালরা রয়েছেন তাঁদের সকলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভই এসেছে বলে জানিয়েছে বিএআই।
TRAINING SESSION - DAY 1 ✅#YonexSunriseIndiaOpen2022#IndiaKaregaSmash#Badminton pic.twitter.com/V24xzPnAWN
— BAI Media (@BAI_Media) January 9, 2022
ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের এবার একাদশ সংস্করণ হতে চলেছে দিল্লিতে। করোনা পরিস্থিতিতে দুই বছর পর তা শুরু হচ্ছে। বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর মরশুমের এই সুপার ৫০০ ইভেন্টের প্রাইজমানি ৪ লক্ষ মার্কিন ডলার।

পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই সদ্যসমাপ্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কিদাম্বি শ্রীকান্ত। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু। নজর থাকবে বিশ্বচ্যাম্পিয়ন লো কিন উউ ও ব্রোঞ্জজয়ী লক্ষ্য সেনের দিকে। দুজনেই প্রথমবার এই খেতাব জিততে মরিয়া থাকবেন। শ্রীকান্ত বলেছেন, চলতি বছর এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস রয়েছে। ঘরের মাটিতে প্রথম খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করতে চাইছি না। দুই বছর প্রতীক্ষার পর ইন্ডিয়া ওপেন খেলার সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্সের বিষয়ে আত্মবিশ্বাসী লক্ষ্য সেনও।

মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ তথা দুটি অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। তবে খেতাব জেতার লড়াইয়ে নজর থাকবে সাইনা নেহওয়াল, তাইল্যান্ডের বুসানন ওংবামরুংফান, সিঙ্গাপুরের জিয়া মিন ইয়েওয়ের দিকে। ২০১৭ সালের ইন্ডিয়া ওপেনে চ্যাম্পিয়ন সিন্ধু এবার দর্শকহীন স্টেডিয়ামে খেলতে হবে কিছুটা হতাশ। তবে খেতাব জিততে তিনি যে মুখিয়ে রয়েছেন সে কথা জানাতে ভোলেননি। সিন্ধু বলেছেন, দিল্লিতে ইন্ডিয়া ওপেন খেলা তিনি বরাবর উপভোগ করেন।












Click it and Unblock the Notifications