অলিম্পিকে উড়বে না রুশ পতাকা, বাজবে না জাতীয় সঙ্গীত! অ্যাথলিটদের বিশেষ নির্দেশ
অলিম্পিকে উড়বে না রাশিয়ার পতাকা, বাজবে না জাতীয় সঙ্গীত!
ডোপ কাণ্ডে বড় শাস্তির খাড়া নামল রাশিয়ার ঘাড়ে। আগামী দুটি অলিম্পিকে নিজেদের দেশের নাম ব্যবহার করতে পারবেন না রাশিয়ার অ্যাথলিটরা। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া ইভেন্টে উড়বে না রাশিয়ার পতাকা, বাজবে না জাতীয় সঙ্গীতও। বৃহস্পতিবার কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট বা সিএএসের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

সিএএসের তরফে এও জনানো হয়েছে, রাশিয়ার অ্যাথলিটরা ২০২১ ও ২০২৪ সালের যথাক্রমে টোকিও ও প্যারিস অলিম্পিকে অংশ নিতে চাইলে, তাঁদের ডোপ পরীক্ষা দিতে হবে। স্বচ্ছ প্রমাণ হলে তবেই তাঁরা দুই ইভেন্টে অংশ নিতে পারবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কেবল অলিম্পিক নয়, আগামী দুই বছর কোনও আন্তর্জাতিক ইভেন্টেই রাশিয়া অংশ নিতে পারবে না বলেও বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট বা সিএএস। এর অর্থ ২০২২ সালে বেজিং এবং কাতারে অনুষ্ঠিত হতে চলা যথাক্রমে শীতকালীন অলিম্পিক ও ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবে না পুতিনের দেশ।
প্রায় এক বছর ধরে চলা ২৯৮ জন রাশিয়ান অ্যাথলিটদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের তদন্ত চলতি বছরের মে মাসে শেষ করেছিল ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বা ওয়াডা। অভিযুক্ত অধিকাংশ অ্যাথলিটের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ প্রমাণ হয়। এ সংক্রান্ত তথ্য গোপেনের অভিযোগ প্রমাণিত হয় রাশিয়ান অ্যান্টি-ডোপিং এজেন্সি বা রাশাডার বিরুদ্ধে।
সেই রিপোর্টের প্রেক্ষিতে ওয়াডা ও রাশাডার মধ্যে মামলার শুনানি চার দিন ধরে চলে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টে। অলিম্পিক সহ সব ধরনের আন্তর্জাতিক ইভেন্ট থেকে রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আদালতে আবেদন জানায় ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বা ওয়াডা। তা পুরোপুরি মানতে অস্বীকার করে সিএএস।












Click it and Unblock the Notifications