সাক্ষীর পর অলিম্পিক পদকজয়ীর তালিকায় সিন্ধু!
রিও দি জানেইরো, ১৮ অগাস্ট : সাক্ষী মালিক এবারের অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন। মল্লযুদ্ধের মতো খেলায় দেশের প্রথম মহিলা খেলোয়াড় হয়ে এই কৃতিত্ব অর্জন নিঃসন্দেহে এক অনন্য কীর্তি। তাঁর এই পদক জয়কে অনুসরণ করে আর একটি পদক কি পাবে ভারত? পারবেন ব্যাডমিন্টনে দেশের সেরা খেলোয়াড়দের একজন পিভি সিন্ধু রিও অলিম্পিকে পদক এনে দিতে? আপাতত এই একটা প্রশ্ন ও একগুচ্ছ শুভেচ্ছা নিয়ে সারা দেশ চোখ রেখেছে টিভির পর্দায়।
কারণ এদিন মহিলাদের ব্যাডমিন্টন সেমিফাইনালে জিতলেই দেশকে নিজের প্রথম অলিম্পিক পদক এনে দিতে পারবেন পিভি সিন্ধু। আপাতত সেই আশাতেই বুক বেঁধেছে আসমুদ্র হিমাচল।

এর আগে কোয়ার্টার ফাইনালে চিনের ইয়াঙ্গ ওয়াংকে ২২-২০ ও ২১-১৯ ব্যবধানে হারিয়ে দিয়েছেন সিন্ধু। আকর এদিন সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ জাপানের নোজোমি ওকুহারা। আর যদি তিনি ফাইনালে ওঠেন তাহলে তাঁর প্রতিপক্ষ হবেন স্পেনের ক্যারোলিনা মারিন। কারণ তিনি ইতিমধ্যে ফাইনালে উঠে গিয়েছেন।
আর একটি সেমিফাইনালে চিনের লি জুয়েরুইকে ২১-১৪, ২১-১৬ ব্যবধানে হারিয়ে সোনার দৌড়ে এগিয়ে ফাইনালে উঠে গিয়েছেন মারিন। পিভি সিন্ধু সেমিফাইনাল জিতলে তাঁকে মারিনের মুখোমুখি হতে হবে।
এদিন ম্যাচের আগেই সারা দেশ থেকে স্যোশাল নেটওয়ার্কিং সাইটে শুভেচ্ছা ভেসে এসেছে। ক্রিকেটার গৌতম গম্ভীর থেকে শুরু করে বক্সিংয়ের মেরি কম পর্যন্ত সিন্ধুর পদক জয়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন। এখন দেখার সকলের আশীর্বাদকে পাথেয় করে সিন্ধু নিজের প্রথম অলিম্পিক পদকটি নিয়ে আসতে পারেন কিনা।












Click it and Unblock the Notifications