রিও অলিম্পিক ২০১৬ : ইতিহাস সৃষ্টি করে ব্যাডমিন্টন ফাইনালে ভারতের পিভি সিন্ধু
রিও দি জানেইরো, ১৮ অগাস্ট : রিও অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টনের ফাইনালে উঠলেন ভারতের পিভি সিন্ধু। ফাইনালে তাঁর খেলা হবে স্পেনের ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে। [রিও অলিম্পিকে পিভি সিন্ধু : তাঁকে নিয়ে কিছু জরুরি তথ্য একনজরে]
এদিন সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন জাপানের নোজোমি ওকুহারা। তবে ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন সিন্ধু। তাঁর আক্রমণের সামনে একেবারে খড়কুটোর মতো উড়ে যান জাপানের এই মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়।

প্রথম সেট সিন্ধু জেতেন ২১-১৯ ব্যবধানে। এই সেটে খানিকটা লড়াই করেন নোজোমি ওকুহারা। তবে দ্বিতীয় সেটে জাপানের এই খেলোয়াড়কে দাঁড়াতেই দেননি সিন্ধু। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দিয়ে ২১-১০ ব্যবধানে জিতে অলিম্পিকের ফাইনালে চলে গেলেন তিনি।
এর আগে আর কোনও ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের অলিম্পিক ফাইনাল খেলার কৃতিত্ব নেই। সেই অনন্য কৃতিত্বের অধিকারী হলেন হায়দ্রাবাদের এই বছর একুশের তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড়। আপাতত ফাইনালে উঠে রুপো নিশ্চিত করে ফেলেছেন তিনি। সোনা জিতলে তা হবে ভারতের খেলাধুলোর ইতিহাসে অন্যতম বড় ও গৌরবের দিন।
প্রসঙ্গত, এর আগে কোয়ার্টার ফাইনালে চিনের ইয়াঙ্গ ওয়াংকে ২২-২০ ও ২১-১৯ ব্যবধানে হারিয়ে দিয়েছেন সিন্ধু। সেই জয়কে জীবনের সেরা জয়ের অন্যতম বলে আখ্যা দিয়েছেন তিনি। এদিন জয়রে পর তিনি কি বলবেন তা জানার অপেক্ষায় রয়েছে গোটা দেশ।












Click it and Unblock the Notifications