Paris Olympics: ভারতীয় দলের সাজঘরেও অলিম্পিক্স নিয়ে আলোচনা! ফাঁস করলেন বিশ্বকাপজয়ী কোচ দ্রাবিড়
২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী অলিম্পিক গেমস। আর যে গেমসে ক্রিকেটকে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং বিষয়টি নিশ্চিত করাও হয়েছে।ভারতের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড় অলিম্পিক্সে ক্রিকেট চালু করার সিদ্ধান্তকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন। তিনি আরও জানিয়েছেন, যে অলিম্পিক্স গেমসে অংশ নেওয়া নিয়ে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে।
২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে এবং আইসিসি ইতিমধ্যেই বিশ্ব জুড়ে এই খেলাটিকে জনপ্রিয় করার প্রচেষ্টা শুরু করে দিয়েছে। প্যারিসের ইন্ডিয়া হাউসে এই বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষয়ের নাম ছিল 'অলিম্পিকে ক্রিকেট, নতুন যুগের সূচনা।' এই আলোচনা সভাতে মুখ্য বক্তা ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়।

সদ্য প্রাক্তন কোচ দ্রাবিড় বলেন, 'বেশ কয়েক বার ভারতীয় দলের সাজঘরে অলিম্পিক্স নিয়ে ক্রিকেটারদের আলোচনা শুনেছি। ক্রিকেটাররা ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ, ২০২৭ একদিনের বিশ্বকাপের পাশাপাশি আলোচনা করত, ২০২৮ সালে অলিম্পিক্স নিয়ে। কারণ আগামী অলিম্পিক্স থেকেই ক্রিকেটও অন্তর্ভুক্ত হচ্ছে। ক্রিকেটাররা সোনার পদক জিতে পোডিয়ামে দাঁড়াতে চায়। '
দ্রাবিড় একইসঙ্গে দ্রাবিড় বলেছেন, 'অলিম্পিক্সের সবচেয়ে বড় দিক গেমস ভিলেজ। বিশ্বের সেরা স্পোর্টিং ইভেন্ট। সেরা অ্যাথলিটরা অংশ নেন। একই গেমস ভিলেজে থাকার এবং আলাপ করার সুযোগ পাওয়া যায়। পরবর্তী অলিম্পিক যতটা এগিয়ে আসবে, আমি নিশ্চিত প্রতিটা ক্রিকেট খেলিয়ে দেশ পরিকল্পনা শুরু করে দেবে।।'
অলিম্পিক্সের স্মৃতি প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'আমার অলিম্পিক্সের স্মৃতি কার্ল লুইসের জয়লাভ করা । এই মহান ক্রীড়াবিদদের পারফরম্যান্স এবং খেলা দেখার জন্য আমরা টেলিভিশন সেটে আটকে থাকতাম। যে কোনও ক্রীড়াবিদ অই ইভেন্টে অংশ নিতে চাইবে। এই ধরনের পরিবেশে থাকা, শক্তি এবং স্পন্দন যে কোনো ক্রীড়াবিদের জন্য একটি স্বপ্ন পূরণ। আমার মনে হয় ক্রিকেট অবশ্যই অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হওয়া উচিত। মহান খেলার গরিমা আরও বাড়াবে।'
প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় রোহন বোপান্নার ম্যাচ দেখার জন্য উপস্থিত ছিলেন। কিন্তু ভারতের পরাজয়ের সাক্ষী থাকতে হল বিশ্বকাপজয়ী কোচকে। বোপান্নাদের খেলা দেখার পাশাপাশি গেমস ভিলেজে ভারতের ক্রীড়াবিদের সঙ্গেও দেখা করেন রাহুল দ্রাবিড়।












Click it and Unblock the Notifications