সিন্ধুর বিদায়ে অল ইংল্যান্ড ওপেন থেকে ভারতের পদক জয়ের সব আশা শেষ
অল ইংল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু, সেমিফাইনালেই অভিযান শেষ
চলতি অল ইংল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। স্ট্রেট সেটে সেমিফাইনাল হেরে টুর্নামেন্ট থেকে ভারতের পদক জয়ের সব আশা শেষ করে দিলেন হায়দরাবাদি শাটলার। সিন্ধুর হারে হতাশ হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা। টোকিও অলিম্পিকের আগে অল ইংল্যান্ড ওপেনে ভারতীয় শাটলারদের ব্যর্থতা যে খুব একটা ভাল সংকেত নয়, তেমনটাই মনে করা হচ্ছে।

চলতি অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেই চোট পেয়ে অবসৃত হয়েছিলেন সাইনা নেহওয়াল। একে একে টু্র্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন কিদাম্বী শ্রীকান্ত, এইচএস প্রণয়, লক্ষ্য সেন, পারুপল্লী কাশ্যপের মতো ভারতীয় শাটলার। এই অবস্থায় তেরঙ্গার সম্মান রাখার দায়িত্ব অর্পিত হয়েছিল পিভি সিন্ধুর কাঁধে। সেই দায়িত্ব সুন্দরভাবে পালনও করছিলেন হায়দরাবাদি শাটলার। অল ইংল্যান্ড ওপেনের সেমিফাইনালে পৌঁছে টুর্নামেন্ট থেকে ভারতের পদক জয়ের আশা জিইয়ে রেখেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি।
কিন্তু শেষ চারের লড়াইে সিন্ধু যে প্রতিপক্ষের সামনে এভাবে আত্মসমর্পণ করবেন, তা ভাবতে পারেনি ভারতের ক্রীড়া মহল। বিশ্বের ১১ নম্বর শাটলার, থাইল্যান্ডের পর্নপাউই চোখুওংয়ের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমেছিলেন ভারতীয় শাটলার। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে শুরু করেন সিন্ধুর প্রতিপক্ষ। তাতে খেই হারিয়ে ফেলেন বিশ্ব চ্যাম্পিয়ন।
ম্যাচের প্রথম গেম তবু কিছুটা লড়াই হয়। সেটি ১৭-২১ পয়েন্টে হেরে যান পিভি সিন্ধু। দ্বিতীয় গেমে ভারতীয় শাটলারকে কোর্টে দাঁড়াতে দেননি থাইল্যান্ডের তারকা। ৯-২১ পয়েন্টে ওই গেম হেরে অল ইংল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। টোকিও অলিম্পিকের আগে যা খুব একটা ভাল সংকেত নয় বলেই মনে করছে দেশের ক্রীড়া মহল।












Click it and Unblock the Notifications