সিঙ্গাপুর ওপেনের শেষ আটে অলিম্পিকে জোড়া পদক জয়ী সিন্ধু, কোয়ার্টারফাইনালে পৌঁছে গেলেন প্রণয়ও
সিঙ্গাপুর ওপেনের শেষ আটে অলিম্পিকে জোড়া পদক জয়ী সিন্ধু, কোয়ার্টারফাইনালে পৌঁছে গেলেন প্রণয়ও
মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ভিয়েতনামের গুয়েন থু লিন'কে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টারফাইনালে জায়গা করে নিলেন পিভি সিন্ধু। কোর্ট ১-এ এই ম্যাচে পিছিয়ে থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান সিন্ধু।

তিন গেমের এই ম্যাচে সমানে সমানে লড়াই চলে। প্রথম সেটটিতে দুরন্ত লড়াই দিলেও ১৯-২১ ব্যবধানে হেরে যান সিন্ধু। এমন পরিস্থিতিতে পরবর্তী দু'টি গেম মাস্ট উইন হয়ে দাঁড়ায় অলিম্পিকে জোড়া পদক জয়ী সাটলারের জন্য। দ্বিতীয় গেম না জিতলে সেখানে শেষ হয়ে যেত সিন্ধুর সমস্ত লড়াই কিন্তু যেখানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তেমন জায়গা থেকে ফিরে আসেন হায়দরাবাদের কন্যা। দ্বিতীয় গেমে মরিয়া লড়াই চালান গুয়েন। তবে, ম্যাচের ভাগ্য তিনি গড়ে দিতে পারেননি। ২১-১৯ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নেন সিন্ধু।
ম্যাচের ভাগ্য নির্ধারণকারী সেটটিও জমে গিয়েছিল, অবশেষে তা ২১-১৮ ব্যবধানে জিতে নেন ভারতের তারকা সাটলার। এক ঘণ্টা ছয় মিনিটের এই লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে গ্যারালিতে উপস্থিত ব্যাডমিন্টন প্রেমীরা। বেলজিয়ামের প্রতিযোগী লিয়েন টানকে স্ট্রেট গেমে পরাজিত করে সিন্ধু পৌঁছন দ্বিতীয় রাউন্ডে। কোর্ট ২-তে ওই ম্যাচটি তিনি জিতেছিলেন ২১-১৫ এবং ২১-১১ ব্যবধানে।

অন্য দিকে, পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয় প্রথম রাউন্ডের ম্যাচে তাইওয়ানের চউ টিয়েন-চিয়েনকে হারিয়ে জায়গা করে নিয়েছেন কোয়ার্টারফাইনালে। ২১-১৪, ২০-২২ এবং ১৮-২১ ব্যবধানে প্রণয়ের বিরুদ্ধে পরাজিত হল তাইওয়ানের প্রতিপক্ষ চউ। সিন্ধুর মতোই প্রথম গেমে প্রণয় পরাজিত হন। কিন্তু পরবর্তী দু'টি গেমে দুরন্ত জয় তুলে নিয়ে শেষ আটে নিজের জায়গা নিশ্চিত করে ফেলেন তিনি। এক ঘণ্টা নয় মিনিট ধরে চলেছিল এই ম্যাচ। সিন্ধু এবং প্রণয় শেষ আটে পৌঁছনোর ফলে এই ইভেন্টে ভারতের মুখ উজ্জ্বল করার সুযোগ দারুণ ভাবে চলে এল তাঁদের কাছে। চলতি সিঙ্গাপুর ওপেন জিতে দেশের মুখ উজ্জ্বল করতে আর তিনটি করে জয় প্রয়োজন দুই প্রতিযোগীর।












Click it and Unblock the Notifications