প্রো কবাডিতে জোড়া অঘটন! বেঙ্গল ওয়ারিয়র্সকে হারাল পুনেরি পল্টন, বেঙ্গালুরু বুলস চূর্ণ ইউপি যোদ্ধার কাছে
প্রো কবাডি লিগ আজ সাক্ষী থাকল জোড়া অঘটনের। সেই সঙ্গে অব্যাহত থাকল গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্সের ব্যর্থতার ধারা। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে আজ প্রথম ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্সকে হারিয়ে দিল পয়েন্ট তালিকার নীচের দিকে থাকা পুনেরি পল্টন। অপর ম্যাচে বেঙ্গালুরু বুলসকে দাপট সহকারে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইউপি যোদ্ধা।

এদিন ইউপি যোদ্ধার কাছে চূর্ণ হয় বেঙ্গালুরু বুলস। জয়ের ব্যবধান ১৫ পয়েন্টের (৪২-২৭)। ৬টি সুপার ট্যাকল-সহ ২২টি ট্যাকল পয়েন্ট আদায় করে নিয়ে ইউপি যোদ্ধার ডিফেন্স এদিন অনবদ্য পারফরম্যান্স উপহার দেয়। ফর্মে ফিরে শ্রীকান্ত যাদবের ১৫ পয়েন্ট সংগ্রহ করা স্বস্তি দিচ্ছে যোদ্ধাদের। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ১৯-১৪ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে অল আউট করার পাশাপাশি কার্যত দাঁড়াতেই দেয়নি ইউপি যোদ্ধা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকাতেও তারা তিন ধাপ উঠে এসেছে।
A night full of 🍿 moments to end the week on a high 🤩
— ProKabaddi (@ProKabaddi) January 9, 2022
Check out some of the best 📸 📸 from the evening and visit https://t.co/EWWLNME5nc for more! #PUNvBEN #BLRvUP #SuperhitPanga pic.twitter.com/vxs9BiItM3
এর আগের ম্যাচে পুনেরি পল্টন বেঙ্গল ওয়ারিয়র্সকে হারিয়ে দেয় ৩৯-২৭ ব্যবধানে। পুনেরি পল্টনের রেইডার আসলাম ইমানদার একাই ১৭ পয়েন্ট আদায় করে নেন, এটি তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। বেঙ্গল ওয়ারিয়র্সের অধিনায়ক মনিন্দর সিংয়ের ঝুলিতে গিয়েছে ১৩ পয়েন্ট। পরিবর্ত হিসেবে নামা আকাশ পিকালমুন্ডে ৮ পয়েন্ট সংগ্রহ করেন। পল্টনের ডিফেন্স এদিন প্রশংসনীয় পারফরম্যান্স করেছে। বিরতিতে পুনেরি পল্টন এগিয়ে ছিল ২০-১১ ব্যবধানে। প্রথমার্ধে নীতীন তোমরের টাচ পয়েন্টে অল আউট সম্পন্ন করে পল্টন সাত পয়েন্টের লিড পেয়ে গিয়েছিল।
.@UpYoddha - Darr ke aage jeet hai aur uske aage naya record hai 😎
— ProKabaddi (@ProKabaddi) January 9, 2022
Take a look at the updated points table after Match 44 of #SuperhitPanga! 🎉#PUNvBEN #BLRvUP #SuperhitPanga pic.twitter.com/wGqPNzwjN8
আজ বেঙ্গালুরু বুলসের কাছে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার হাতছানি ছিল। কিন্তু ইউপি যোদ্ধা অঘটন ঘটানোয় বেঙ্গালুরু বুলস রইল তৃতীয় স্থানেই, ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। শীর্ষে থাকা দাবাং দিল্লি কেসি-র ৭ ম্যাচে রয়েছে ৩১ পয়েন্ট। জিতলে ৫ পয়েন্ট পায় সংশ্লিষ্ট দল। ফলে বেঙ্গালুরু জিতলেই পয়েন্ট তালিকার ১ নম্বর জায়গাটি দখল করতে পারতো। দ্বিতীয় স্থানে রয়েছে পাটনা পাইরেটস। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ২৯। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইল ইউপি যোদ্ধা। টানা দুটি ম্যাচে হেরে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে বেঙ্গল ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে পুনেরি পল্টন। কাল তামিল থালাইভাস খেলবে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে। জয়পুর পিঙ্ক প্যান্থার্স এরপর মুখোমুখি হবে লিগশীর্ষে থাকা দাবাং দিল্লি কেসি-র।












Click it and Unblock the Notifications