কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চে প্রিয়াঙ্কা গান্ধী, মোদী সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেস নেত্রীর
যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্ণায় সামিল হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার সকালে অবস্থানরত কুস্তিগীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিয়াঙ্কা। কুস্তিগীরদের ধর্ণা মঞ্চ থেকে মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন কংগ্রেস নেত্রী।
প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ ব্রিজ ভূষণ শরণ সিংকে বাঁচাতে চাইছে সরকার। কর্ণাটকে ভোট প্রচারের আগে শনিবার সাত সকালেই যন্তর মন্তরে হাজির হন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সঙ্গে।

#WATCH | "I don't have any expectations from the PM, because if he is worried about these wrestlers, then why has he not talked to them or met them yet. Why the govt is trying to save him (Brij Bhushan Sharan Singh...," says Congress leader Priyanka Gandhi Vadra in Delhi pic.twitter.com/XLDpIruQHv
— ANI (@ANI) April 29, 2023
শুধু কংগ্রেস নয় আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও। দুই সাংসদ দোলা সেন, অররূপা পোদ্দার যন্তর মন্তরে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করেন। তাঁদের আন্দোলনে পাশে থাকার আশ্বাসও দেন তৃণমূলের পক্ষ থেকে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর দিল্লি পুলিশ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এরপরও প্রতিবাদী কুস্তিগীররা ক্রমাগত কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন। এফফআইআর দায়ের হওয়ার পরও কুস্তিগীররা তাঁদের আন্দোলন এবং প্রতিবাদের সিদ্ধান্তে অটল রয়েছেন।
বজরংদের দাবি, শুধুমাত্র এফআইআর নয়, ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব।

যদিও দেশের অলিম্পিক সংস্থা একেবারেই খুশি নন কুস্তিগীরদের এই আন্দোলনে । প্রতিবাদরত সাক্ষী-বজরংদের তীব্র সমালোচনা করেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিতথা কিংবদন্তী অ্যাথলিট পিটি ঊষা। তিনি কুস্তিগীরদের বিরুদ্ধে ভারতের ভাবমূর্তির ক্ষতি করার অভিযোগ এনেছেন।
নতুন বছরের শুরুতেই কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন একাধিক মহিলা কুস্তিগীর। তারই প্রতিবাদে জানুয়ারি মাসে আন্দোলন ধর্ণা শুরু করেন দেশের তারকা কুস্তিগীররা। তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিশনও গঠন করা হয়।

ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে আপাতত কুস্তি ফেডারেশনের প্রতিদিনের কাজ চালানোর জন্য তিন সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৪৫ দিনের মধ্যেই কুস্তি ফেডারেশনের নির্বাচন আয়োজন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications