টোকিও অলিম্পিকগামী দীপিকা-নীরজ-দ্যুতিদের থেকে ১০০ শতাংশ চান মোদী
এক ঢিলে আম পাড়তেন দীপিকা কুমারী। সেখানে থেকে দেশের সফলতম তিরন্দাজ। গল্প শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের প্রত্যাশার বোঝা ঘাড়ে নিতে না করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্টে নিজ নিজ ক্ষেত্রে একশো শতাংশ দেওয়ার জন্য প্রতিযোগীদের অনুপ্রাণিত করলেন দেশের প্রশাসনিক প্রধান। অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথোপকথনে মোদী বললেন, লক্ষ্য স্থির থাকলে এবং তা পূরণের একাগ্রতা থাকলে কোনও বাধাই বড় বলে মনে হয় না।

দীপিকা কুমারীর প্রশংসায় পঞ্চমুখ
প্যারিস বিশ্বকাপ থেকে ভারতকে একাধিক সোনার পদক এনে দেওয়া তিরন্দাজ দীপিকা কুমারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী অলিম্পিকে দীপিকা দেশের মুখ উজ্জ্বল করবেন বলেও আশা করেন দেশের প্রশাসনিক প্রধান। শৈশবে এক টিপে ঢিল মেরে গাছ থেকে আম পাড়তেন দীপিকা। সেখান থেকেই মনে তিরন্দাজির ভাবনার উদয় কিনা, সে প্রশ্নও ভারতীয় অ্যাথলিটকে করেন মোদী। উত্তরে নিজের একগ্রতা এবং স্থির লক্ষ্যের ওপরই আস্থা রাখার কথা উল্লেখ করেছেন দীপিকা। টোকিও অলিম্পিকগামী অ্যাথলিটদের সঙ্গে কথোপকথন অনুষ্ঠানে দরিদ্র পরিবার থেকে উঠে আসা দেশের আরও এক তিরন্দাজ প্রবীণ যাদবের জীবনযুদ্ধের কাহিনি শোনেন প্রধানমন্ত্রী। বলেন যে জীবনে কেউ যদি বড় কিছু করার মন তৈরি করে ফেলেন, তবে তাঁর কাছে কোনও বাধাই বড় হতে পারে না।
ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

নীরজ চোপড়া ও দ্যুতি চাঁদ
চোট কাটিয়ে জ্যাভলিন থ্রো-তে জাতীয় রেকর্ড গড়া নীরজ চোপড়াকে দেশের গর্ব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় অ্যাথলিটকে দেশের প্রশাসনিক প্রধানের পরামর্শ, অযথা প্রত্যাশার বোঝার নিচে চাপা পড়ার প্রয়োজন নেই। দেশের প্রত্যেক অ্যাথলিট নিজের সেরাটা দিলে সফলতা এমনিতেই আসবে বলে মনে করেন মোদী। মঙ্গলবারের কথোপকথন অনুষ্ঠানে টোকিও অলিম্পিকের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে অংশ নিতে চলা দ্যুতি চাঁদের জীবনযুদ্ধের কাহিনি শোনেম প্রধানমন্ত্রী। যিনি নিজের দরিদ্র পরিবারকে স্বচ্ছল করার উদ্দেশে কেবল চাকরির জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেছিলেন। বর্তমানে সেই তিনিই দেশের আইকন। অলিম্পিকে ভাল কিছু করে নারী শক্তির জয়গান করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন দ্যুতি।
ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

নিজের রাজ্যের ভালারিভান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত থেকে উঠে আসা শুটার এলাভেলিন ভালারিভান প্রথম অ্যাথলিট হতে চেয়েছিলেন। কিন্তু শুটিংয়ের সংস্পর্শে আসার পর তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা জানছে গোটা দেশ। আগামী অলিম্পিকে এই শুটারের কাছ থেকেও ভাল ফলাফল আশা করেছেন মোদী। অলিম্পিকগামী শুটার সৌরভ চৌধুরীকে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন যে কীভাবে তিনি শত চাপের মধ্যেও নিজেকে শান্ত রাখতে সক্ষম হন। সৌরভ বলেন যে তিনি রোজ সকালে ধ্যান করেন। সঙ্গে নিজের ফোকাস ধরে রাখেন।

আলোচনায় ক্রীড়ামন্ত্রী থেকে আইওএ প্রধান
মঙ্গলবার টোকিও অলিম্পিকগামী অ্যাথলিটদের সঙ্গে আলাদা করে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু অংশ নিয়েছিলেন। ছিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নরিন্দর বাত্রাও।












Click it and Unblock the Notifications