Self Defence Training: দুর্গাপুজোয় নারীশক্তিকে আত্মরক্ষার কৌশল শেখানোর অভিনব শিবির, প্রশিক্ষণে প্রেমজিৎ
Self Defence Training: আত্মরক্ষায় স্বনির্ভর হতে হবে। কৌশল রপ্ত করলেই বাড়বে আত্মবিশ্বাস। এই মন্ত্রটাই যেন দেবীপক্ষে দিয়ে গেলেন কারাটে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হানশি প্রেমজিৎ সেন।
আজাদগড় সেবক সংঘের অভিনব উদ্যোগ। পুজোর আয়োজনে এবার তারা চমক দিল সেলফ ডিফেন্স শিবির। প্রেমজিতের থেকে আত্মরক্ষার পাঠ নিলেন ছাত্রী থেকে গৃহবধূ- সকলেই। মূল্যবান পরামর্শ পেয়ে এই উদ্যোগকে সাধুবাদও জানালেন তাঁরা।

আরজি কর হাসপাতালের ঘটনা আরও একবার প্রমাণ করেছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আত্মরক্ষার কৌশল শেখাটা কতটা জরুরি। মেয়েদের সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলেন হানশি প্রেমজিৎ সেন। তাঁর উদ্দেশ্যই হলো, অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে নতুন আলো দেখানো।
সম্প্রতি আজাদগড় সেবক সংঘ মেয়েদের আত্মরক্ষার আত্মবিশ্বাস বাড়াতে এক অভিনব উদ্যোগ নেয়। মাতৃবন্দনার পাশাপাশি সেলফ ডিফেন্স শিবিরের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। যার নাম দিয়েছিলেন 'সাহসিনী নারী প্রত্যেক বাড়ি'। সমাজের প্রতিটি স্তরের মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখালেন কারাটে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হানশি প্রেমজিৎ সেন।
প্রেমজিৎ সেন ওয়ার্ল্ড কারাটে ফেডারেশনের (ডব্লিউকেএফ) 'এ' গ্রেড রেফারি এবং 'কুমিতে' ও 'কাতা'-র বিচারক হিসেবে সর্বোচ্চ পদে রয়েছেন। তাঁর ধ্যান-জ্ঞানই কারাটে। প্রেমজিতের নেতৃত্বে কারাটে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (কেএবি) কঠোর প্রচেষ্টায় এটি এখন অন্যতম জনপ্রিয় খেলা।
দুর্গাপুজোর মণ্ডপেই চলল সেলফ ডিফেন্সের ক্লাস। কারাটের অনেক গুণ। এতে যেমন খালি হাতে ও সাধারণ বস্তুকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কীভাবে আত্মরক্ষা শেখা যায়, তেমনই শারীরিক ও মানসিকভাবে সবল করে একজন মানুষকে। বাড়ে আত্মবিশ্বাস।
শুধু তাই নয়, মানসিক অস্থিরতা দূর করে সঠিক লক্ষ্যে পৌঁছনো যায় কারাটের মাধ্যমে। প্রেমজিৎ সেন নিজেই জানিয়েছেন একসঙ্গে চার 'ডি' কাজ করে কারাটেতে। ডিসিপ্লিন, ডিভোশন, ডিটারমিনেশন তো আছেই, ডিপ্রেশন দূর করতেও এটি কার্যকরী।
রোজকার যাতায়াতে রাস্তাঘাটে কিংবা কর্মক্ষেত্রে মহিলারাই যে সফট টার্গেট তা বারবার প্রকাশ্যে চলে এসেছে। আর আবারও বোঝা গিয়েছে, নারীদের নিজেদের সুরক্ষার ভার নিতে হবে নিজেদেরকেই। হয়ে উঠতে হবে আত্মনির্ভর। সেই কৌশন প্রেমজিৎ সেনের থেকে শিখতে পেরে আত্মবিশ্বাসী মেয়েরাও। পরিস্থিতি যা, তাতে প্রেমজিৎ সেনের থেকে টিপস নিতে স্বতঃস্ফূর্তভাবেই এসেছিলেন ছাত্রী থেকে গৃহবধূরা। বর্তমান পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল শিখে রাখা যে খুবই জরুরি।












Click it and Unblock the Notifications