PR Sreejesh: কোচিতে পেলেন রাজকীয় অভ্যর্থনা, কোচিংয়ে আসতে কতদিন সময় নিতে চান শ্রীজেশ?
অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় করে ঘরে ফিরলেন সদ্য প্রাক্তন ভারতীয় হকি তারকা শ্রীজেশ। ভারতের কিংবদন্তি হকি গোলরক্ষক পিআর শ্রীজেশ শুক্রবার কেরলে নিজের বাড়িতে ফিরলেন, প্যারিসে সদ্য সমাপ্ত অলিম্পিক্স গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন শ্রীজেশ। শুক্রবার তাঁর পরিবারের সঙ্গে কোচি বিমানবন্দরে নামার পরে রাজ্যের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা পেলেন শ্রীজেশ।
৩৬ বছর বয়সী শ্রীজেশ সদ্য অবসর নিয়েছেন, যিনি প্রায় দুই দশক ধরে ভারতীয় দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন, প্যারিস অলিম্পিক্সে ভারত স্পেনকে ২-১ গোলে পরাজিত করার পরে টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছে, সেইসঙ্গে পূর্ব ঘোষণা মতোই অবসরও নিলেন শ্রীজেশ।শুক্রবার বিমানবন্দরে উপস্থিত বিশাল জনতার মধ্যে এর্নাকুলাম জেলা কালেক্টর, রাজ্যের চারজন বিধায়ক এবং কেরল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা ছিলেন।

শ্রীজেশ শুক্রবার জানিয়েছেন, এমন সংবর্ধনা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি সবসময় একজন খেলোয়াড় ছিলাম এবং আমি জানি একজন খেলোয়াড়ের কী প্রয়োজন। এখন যেহেতু আমি জুনিয়র জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছি, আমাকে একজন খেলোয়াড় থেকে কোচ হতে হবে। নিজেকে সেই রূপান্তরের জন্য প্রস্তুত করতে হবে যার জন্য কয়েক মাস সময় প্রয়োজন আমার।"
শ্রীজেশ কেরালায় যে অভ্যর্থনা পেয়েছিলেন তাতে রোমাঞ্চিত বোধ করার কথা জানালেন শ্রীজেশ। একইসঙ্গে তাঁর আনন্দ যে দ্বিগুণ হয়েছে সেটাও জানালেন শ্রীজেশ। তিনি বলেন "দেশের জন্য কঠোর পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে এবং তারপর একটি পদক জেতা যায়, এটা শুধু আমার জন্য নয়, দেশের সবার আনন্দ হয়েছে। তাই, এই আনন্দের অংশীদার হতে পেরে ভালো লাগছে। আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে।"
জুনিয়র পুরুষ হকি দলের প্রধান কোচ হিসেবে শ্রীজেশের প্রথম টুর্নামেন্ট হতে চলেছে সুলতান অফ জোহর কাপ, যা এই বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার নিজের পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন শ্রীজেশ।












Click it and Unblock the Notifications