শ্রীজেশের মুকুটে নয়া পালক, ওয়ার্ল্ড গেমসের বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার জয় দ্বিতীয় ভারতীয় হিসেবে
পারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ, কেরলের এর্নাকুলামের এই অলিম্পিয়ান ভারতীয় হকি দলের গোলরক্ষক। দেশ-বিদেশের ক্রীড়ামহলে তিনি পরিচিত পিআর শ্রীজেশ হিসেবে। টোকিও অলিম্পিকে ভারতীয় হকি দল যে ব্রোঞ্জ জিতেছে, তার অন্যতম কারিগর এই শ্রীজেশ। ভারতীয় দলের দুর্গরক্ষায় তিনি দুরন্ত ফর্মে ছিলেন অলিম্পিকে। যার জেরেই এবার নয়া পালক যোগ হলো তাঁর মুকুটে।

কৃষক পরিবারের সন্তান শ্রীজেশ ছোটো থেকেই ভালো স্প্রিন্টার। পরে লং জাম্প ও ভলিবল খেলায় পদার্পণ। ১২ বছর বয়সে তিনি তিরুঅনন্তপুরমের জিভি রাজা স্পোর্টস স্কুলে ভর্তি হওয়ার পর সেখানে কোচ পরামর্শ দেন হকির গোলকিপিং করার। স্কুলের হকি কোচ জয়কুমারের প্রশিক্ষণেই হকির কেরিয়ারের সূচনা। ইতিহাসের স্নাতক শ্রীজেশ বিভিন্ন দলের হয়ে খেলার পাশাপাশি ভারতীয় দলের দুর্গ-রক্ষার ভার পান। ২০১৭ সালে পান পদ্মশ্রী পুরস্কার। ২০০৪ সালে সুযোগ পান ভারতীয় জুনিয়র দলে। সিনিয়র জাতীয় দলে সুযোগ আসে ২০০৬ সালে, সাউথ এশিয়ান গেমসে।

লন্ডন, রিও ও টোকিও অলিম্পিকে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য শ্রীজেশ দেশের অধিনায়ক হিসেবে সর্দার সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন ২০১৬ সালে। শ্রীজেশের নেতৃত্বে ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারত কোয়ার্টার ফাইনাল অবধি গিয়েছিল। জার্মানিকে হারিয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শ্রীজেশ। এশিয়ান গেমস, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড লিগ, কমনওয়েলথ গেমসে দেশের প্রতিনিধিত্ব করেছেন। গত বছর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানেও ভূষিত হয়েছেন। এবার শ্রীজেশ পেলেন ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার পুরস্কার। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন একমাত্র ভারতীয় হিসেবে শ্রীজেশকেই মনোনীত করেছিল। গত অক্টোবরে এফআইএইচ স্টার অ্যাওয়ার্ডসে শ্রীজেশ বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন।

ওয়ার্ল্ড গেমসের বিচারে ২০২১ সালের বর্ষসেরা হওয়ার দৌড়ে অনলাইন ভোটিং শুরুর পর থেকেই এগিয়ে ছিলেন শ্রীজেশ। ভোটিং আজই শেষ হয়। ২০১৯ সালে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কারটি জিতেছিলেন ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল। শ্রীজেশের সঙ্গে পুরস্কার পাওয়ার লড়াইয়ে ছিলেন স্পেনের স্পোর্ট ক্লাইম্বার আলবার্তো জাইনস লোপেজ ও ইতালির উশু খেলোয়াড় মিচেল জিওর্দানো। পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি শ্রীজেশ বলেছেন, এফআইএইচ আমাকে মনোনীত করেছিল, তাদের ধন্যবাদ জানাতেই হবে। এই পুরস্কার পেয়ে আমি সম্মানিত। বিশ্বের যে হকিপ্রেমীরা তাঁকে অনলাইনে ভোট দিয়ে এই পুরস্কার পেতে সাহায্য করেছেন তাঁদের প্রতিও ধন্যবাদজ্ঞাপন করেন শ্রীজেশ। উল্লেখ্য, শ্রীজেশ ভোট পেয়েছেন ১,২৭,৬৪৭টি। লোপেজ ও জিওর্দানো পেয়েছেন যথাক্রমে ৬৭,৪২৮ ও ৫২,০৪৬টি ভোট।












Click it and Unblock the Notifications