অপব্যবহারের অভিযোগ তুলে পকসো আইন বদলের হুঁশিয়ারি ব্রিজ ভূষণের
আবারও বিস্ফোরক ব্রিজ ভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠেছে। কিন্তু কোনওভাবেই দমে যাওয়ার পাত্র নন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। এবার দেশের আইন বদলে দেওয়ার হূঁশিয়ারি দিলেন ব্রিজ ভূষণ শরণ সিং।
পকসো আইনের অপব্যবহার করার মতো গুরুতর অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। সরকারকে এই আইন বদল করার জন্য চাপ দেওয়ার কথাও ঘোষণা করলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি।

যদিও নিজেকে বরাবরাই নির্দোষ হিসাবে দাবি করেছেন। এমনকি তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করেছেন ব্রিজ ভূষণ।
ব্রিজ ভূষণ শরণ সিং বলেন, 'আমাদের দেশে পকসো আইনের অপব্যবহার করা হচ্ছে। শিশু, বৃদ্ধ, সাধু সকলেই এই অপব্যবহারে ভুক্তভোগী। এমনকি আধিকারিকরাও এই অপব্যবহারের সঙ্গে যুক্ত আছেন। তবে এবার বদলাতে হবে এই আইন। সাধুসন্তদের নেতৃত্বে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে যেন এই আইন পালটানো হয়। কোনও পরীক্ষানিরীক্ষা ছাড়াই পকসো আইন পাশ করিয়েছিল কংগ্রেস সরকার।'

হিন্দুত্বের তাসকে অস্ত্র করেই নয়া চাল চেলেছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। আগামী ৫ জুন অযোদ্ধাতে 'জন চেতনা মহা র্যাালির' ডাক দিয়েছেন ব্রিজ ভূষণ। গোটা উত্তর ভারতকে তাঁর আয়োজিত মহা মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ।
এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজ্যের সাধুসন্ত, সমাজকর্মী, আইনজ্ঞদের। ব্রিজ ভূষণের দাবি এই সভায় ১১ লক্ষ সাধু সন্ত উপস্থিত থাকবেন। একাধিক অভিযোগে বিধ্বস্ত ব্রিজ ভূষণ নিজের গড়ে পাল্টা শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন।

এরআগে নারকো পরীক্ষায় বসার জন্য তিনি বিশেষ শর্তের কথা ঘোষণা করেছিলেন। শুধু তাঁর নয় নারকো পরীক্ষা করতে হবে অভিযোগকারী দুই কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ারও।
কয়েকদিন আগে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি নিজের সোশ্যাল সাইটে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, "আমি নারকো টেস্ট, পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর করাতে রাজি আছি।' দিল্লি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বয়ান রেকর্ড করা হয়েছে।












Click it and Unblock the Notifications