Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবনী দিলেন জার্সি, কপিল পদকে নিলেন মোদীর স্বাক্ষর, প্যারালিম্পিয়ানদের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী

Modi Met Paralympians: প্যারিসে প্যারালিম্পিক্সের ইতিহাসে সর্বকালীন সেরা সাফল্য সুনিশ্চিত করেছে ভারত। রেকর্ড পদক জয়ের পর এবার প্যারালিম্পিয়ানদের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন প্যারালিম্পিয়ানরা। সেখানে পদকজয়ীদের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

প্যারালিম্পিক্সে অংশ নিতে যাওয়ার আগেও ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। কোনও বড় ইভেন্ট শেষের পর ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী যে নিজের বাসভবনে মিলিত হন, সেই ধারা অব্যাহত রইল প্যারিস প্যারালিম্পিক্সের ক্ষেত্রেও।

মোদীর সঙ্গে ক্রীড়াবিদদের কী কথাবার্তা হয়েছে তা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে প্রকাশ করা ৪৩ সেকেন্ডের ভিডিওতে স্পষ্ট নয়। পরবর্তীকালে প্রধানমন্ত্রী নিজে বা পিএমও থেকে নির্বাচিত অংশ প্রকাশ করা হতে পারে। যেমনটা হয়েছে আগেও নানা সময়।

মোদীর প্যারালিম্পিয়ানদের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, প্যারালিম্পিক কমিটি অব ইন্ডিয়ার প্রধান দেবেন্দ্র ঝাঝরিয়া। প্রধানমন্ত্রীর স্বাক্ষর পদকে নেন জুডোকা কপিল পারমার। ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ১ বিভাগে টোকিওর পর প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী অবনী লেখারা মোদীকে উপহার দেন, তার মধ্যে ছিল ধন্যবাদজ্ঞাপন করা একটি জার্সি।

পদকজয়ীদের সঙ্গে হাসিখুশি মেজাজে কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। ভারত যে ২৯টি পদক জিতেছে তার মধ্যে রয়েছে ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ। এবার প্যারিস প্যারালিম্পিক্সে অংশ নিয়েছিলেন ৮৪ জন ভারতীয় ক্রীড়াবিদ। টোকিও প্যারালিম্পিক্সে ভারতের ১৯টি পদক জয় এতদিন ছিল সর্বাধিক। যা এবার টপকে গিয়েছে ভারত।

ট্র্যাক ইভেন্টের পদকের পাশাপাশি তিরন্দাজিতে হরবিন্দর সিংয়ের ঐতিহাসিক সোনা জয় ভারতের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে ইতিমধ্যেই সোনাজয়ীদের প্রত্যেককে ৭৫ লক্ষ, রুপোজয়ীদের ৫০ লক্ষ ও ব্রোঞ্জজয়ীদের ৩০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। মিক্সড টিম ইভেন্টে শীতল দেবী ব্রোঞ্জ জেতেন রাকেশ কুমারের সঙ্গে। মিক্সড টিম ইভেন্টের পদকজয়ীদের সাড়ে ২২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

প্যারিস প্যারালিম্পিক্সে সোনাজয়ী হরবিন্দর সিং বলেন, আমি প্যারালিম্পিক্সে ব্যবহার করা একটি তির উপহার দিয়েছি প্রধানমন্ত্রীকে। তিনি আমাদের অভিনন্দন জানিয়ে উৎসাহিত করেছেন। পদকজয়ীদের পাশাপাশি অন্য়ান্য প্যারালিম্পিয়ান ও সাপোর্ট স্টাফদের সঙ্গে তিনি কথা বলেছেন।

১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ১-এ ব্রোঞ্জজয়ী মোনা আগরওয়ালের কথায়, অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। ব্যক্তিগতভাবেও তিনি কথা বলেছেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার। সেই সুযোগ আজ পেলাম। আমার সন্তান, পরিবার নিয়েও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। জেনে ভালো লাগল, দেশের প্রধানমন্ত্রী আমাদের পরিবার সম্পর্কে এতটা খোঁজখবর রাখেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+