Modi On Sports: অ্যাথলিটদের সাফল্যে মন কি বাতে উচ্ছ্বসিত মোদী, দৃষ্টিহীনদের ক্রিকেটে ভারতের সোনা জয়েও অভিনন্দন
Modi On Sports: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে আজও গুরুত্ব পেল ক্রীড়াক্ষেত্র। বিশ্ব ইউনিভার্সিটি গেমসে ভারতীয় অ্যাথলিটদের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এই গেমসে রেকর্ড সংখ্যক পদক জিতেছে ভারত।
তার আগে এক্স হ্যান্ডল থেকে ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড গেমসে সোনা জেতায়।

চেংডুতে হয়েছিল এবারের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। ভারত ১১টি সোনা, পাঁচটি রুপো ও ১০টি ব্রোঞ্জ জিতেছে। সর্বমোট ২৬টি পদক। ২৯ জুলাই থেকে ৮ অগাস্ট অবধি চিনে হয়েছিল এই প্রতিযোগিতা। গেমসের ইতিহাসে এটিই ভারতের সর্বকালীন সেরা সাফল্য। মোদী বলেন, ১৯৫৯ সাল থেকে এই গেমসের আগে পর্যন্ত ভারত যেখানে জিতেছিল মোট ১৮টি পদক, সেখানে এবারই এসেছে ২৬টি পদক।
মোদীর কথায়, এই সাফল্যের মাধ্যমে ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করেছেন। গেমসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। কম্পাউন্ড আর্চার প্রগতি সোনা ও রুপো জিতে ফিরেছেন। এই সাফল্যে তাঁর অভিজ্ঞতা জানতে প্রশ্ন করেন মোদী।
প্রগতি বলেন, রুপো জেতার পরই শপথ নিয়েছিলাম সোনা জিতব। সোনা জেতায় ভারতের পতাকা উঠতে দেখা গর্বের মুহূর্ত, আজীবন মনে থাকবে। পোডিয়ামে দাঁড়িয়ে সেলিব্রেশনে মেতে উঠি। সোনা জেতার অনুভূতি ভাষায় বর্ণনা করা যায় না। উল্লেখ্য, ২০২০ সালে যখন প্রগতির ১৭ বছর বয়স তখন তিনি ব্রেন হেমারেজের শিকার হয়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই সাফল্য।

এদিকে, ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন ওয়ার্ল্ড গেমসে ভারতের দৃষ্টিহীনদের মহিলা ক্রিকেট দল সোনা জিতেছে। সব ম্যাচেই অপরাজেয় থেকে। বার্মিংহ্যামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ২০ ওভারে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১১৪ তোলে। বৃষ্টিতে ভারতের টার্গেট ছিল ৪২ রান, যা চার ওভারে তুলে নেয় ভারত।
আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে এই প্রথম দৃষ্টিহীনদের ক্রিকেট রাখা হয়েছিল। প্রথমবারেই চ্যাম্পিয়ন ভারতের মহিলা দল। পুরুষদের দৃষ্টিহীন ক্রিকেটের ফাইনালে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের দৃষ্টিহীন মহিলাদের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশংসা করেছেন অদম্য মনোভাব ও মহিলা ক্রীড়াবিদদের প্রতিভাকে। এই সাফল্য ভারতের গর্ব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications