PKL Season 11: তামিল থালাইভাসের কাছে বিধ্বস্ত বেঙ্গল ওয়ারিয়রজ, বেঙ্গালুরুকে হারাল দিল্লি
PKL Season 11: প্রো কবাডি লিগে বড় জয় ছিনিয়ে নিল তামিল থালাইভাস। নয়ডার ইনডোর স্টেডিয়ামে এদিনের প্রথম ম্যাচে তারা বেঙ্গল ওয়ারিয়রজকে হারাল ১৫ পয়েন্টের ব্যবধানে।
আজকের অপর দ্বৈরথে দুরন্ত জয় ছিনিয়ে নিল দাবাং দিল্লি কেসি। তারা ১০ পয়েন্টের ব্যবধানে হারাল বেঙ্গালুরু বুলসকে।

তামিল থালাইভাস এদিন বাংলার ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে জয় পেল ৪৬-৩১-এ। তামিল থালাইভাসের হয়ে রাইট রেইডার বিশাল চাহাল ১২ পয়েন্ট সংগ্রহ করেন। ডিফেন্ডার আমির হোসেন ৭, নীতেশ কুমার ও মঈন শফাঘি ৬ পয়েন্ট করে এবং অধিনায়ক তথা রেইডার নরেন্দর কান্ডোলা ৫ পয়েন্ট নিশ্চিত করেন।
বেঙ্গল ওয়ারিয়রজের হয়ে ৯ পয়েন্ট পান রেইডার এস বিশ্বাস। রাইট রেইডার নীতিন কুমার ৮ এবং অধিনায়ক তথা ডিফেন্ডার ফজল আত্রাচেলি ও ডিফেন্ডার নীতেশ কুমার ৪ পয়েন্ট করে সংগ্রহ করেন।
এদিনের দ্বিতীয় ম্যাচে দাবাং দিল্লি কেসি ৩৫-২৫ ব্যবধানে পরাস্ত করল বেঙ্গালুরু বুলসকে। দাবাং দিল্লি কেসির অধিনায়ক তথা রাইট রেইডার আশু মালিক একাই ১৪ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার যোগেশের সংগ্রহ ৫ পয়েন্ট।
বেঙ্গালুরু বুলসের অলরাউন্ডার নীতিন রাওয়াল ৭, অধিনায়ক তথা লেফট রেইডার পরদীপ নারওয়াল ৫ ও রেইডার অক্ষিতের সংগ্রহ ৪ পয়েন্ট। এদিনের জয়ের সুবাদে ১১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে দাবাং দিল্লি কেসি।
১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে বেঙ্গল ওয়ারিয়রজ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সাতে চলে গেল তামিল থালাইভাস। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু বুলস ১২ দলের মধ্যে ১১ নম্বরে রয়েছে। কাল হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে খেলবে তামিল থালাইভাস। এরপর জয়পুর পিঙ্ক প্যান্থার্সের প্রতিপক্ষ পুণেরি পল্টন। ৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে হরিয়ানা।












Click it and Unblock the Notifications