PKL 2023-24: প্রো কবাডিতে তেলুগু বধ সেরে জয়ে ফিরল বেঙ্গল ওয়ারিয়র্স, ইউ মুম্বাকে হারাল পাটনা পাইরেটস
PKL 2023-24: প্রো কবাডি লিগে প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। আশা জিইয়ে অঙ্কের জটিল সমীকরণ। তবুও ঘরের মাঠে কাঙ্ক্ষিত জয়টি শনিবার ছিনিয়ে নিল বেঙ্গল ওয়ারিয়র্স।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে পাটনা পাইরেটসের কাছে ইউ মুম্বা হেরে যাওয়ার পর বেঙ্গল ওয়ারিয়র্স বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল তেলুগু টাইটান্সের বিরুদ্ধে।

বেঙ্গল ওয়ারিয়র্স ৫৫-৩৫ ব্যবধানে হারিয়েছে তেলুগু টাইটান্সকে। নীতিন কুমারের ১৩ পয়েন্ট ও মনিন্দর সিংয়ের ৮ পয়েন্ট দখলের সৌজন্যে এই ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট ঘরে তুলল বেঙ্গল ওয়ারিয়র্স। গুজরাতের কাছে হারের ধাক্কা সামলে এদিনের জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথমার্ধের সাত মিনিটের মধ্যেই বাংলার ফ্র্যাঞ্চাইজি প্রথম অল আউট নিশ্চিত করে ফেলে।
এর ফলে বেঙ্গল ওয়ারিয়র্স ১১-৩ ব্যবধানে এগিয়ে যায়। মনিন্দর সিং এই সময় যথেষ্ট অবদান রাখেন দলকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে। মনিন্দর যখন কাঁপুনি ধরিয়েছেন তেলুগু শিবিরে, তখন আরেক রেইডার ঠান্ডা মাথায় পয়েন্ট নিশ্চিত করতে থাকেন। প্রথমার্ধের খেলা যখন ২ মিনিট বাকি তখন বেঙ্গল ওয়ারিয়র্স দ্বিতীয় অল আউটের দৌলতে ১২ পয়েন্টে এগিয়ে যায়।
বিশ্বাস এসের সুপার রেইডের সৌজন্যে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই বেঙ্গল ওয়ারিয়র্স তৃতীয় অল আউট নিশ্চিত করে ফেলায় জয় ছিল সময়ের অপেক্ষা। নীতিন কুমারের সুপার রেইডে আসে চতুর্থ অল আউট। এই সময় বেঙ্গল ওয়ারিয়র্স এগিয়ে যায় ৪৯-২১ ব্যবধানে। এরপর মরিয়া লড়াই চালিয়ে খেলা শেষের ১০ সেকেন্ড আগে প্রথম অল আউট নিশ্চিত করে টাইটান্স। তাতে পরাজয়ের ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয় তারা।
বেঙ্গল ওয়ারিয়র্সের হয়ে এদিনের সেরা ডিফেন্ডার বৈভব গার্জে, তিনি পাঁচটি ট্যাকল পয়েন্ট ঝুলিতে পোরেন। ১৯ ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্সের পয়েন্ট হলো ৪৯। তারা উঠে এলো সপ্তম স্থানে। ১৯ ম্যাচে সপ্তদশ পরাজয়ের ফলে ১২ দলের মধ্যে একেবারে নীচে তেলুগু টাইটান্স। তাদের পয়েন্ট ১৬।
এদিনের অপর ম্যাচে পাটনা পাইরেটস ৪৪-২৩ ব্যবধানে হারিয়ে দিয়েছে ইউ মুম্বাকে। ২০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে প্লে-অফের কাছাকাছি পৌঁছে গেল পাটনা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ইউ মুম্বা রয়েছে দশম স্থানে। জয়পুর পিঙ্ক প্যান্থার্স (১৯ ম্যাচে ৭৭ পয়েন্ট), পুনেরি পল্টন (১৮ ম্যাচে ৭৬ পয়েন্ট) ও দাবাং দিল্লি কেসি (২০ ম্যাচে ৬৯ পয়েন্ট) ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে।












Click it and Unblock the Notifications