Paris Paralympics 2024: ব্যাডমিন্টনে রুপো জিতলেন আইএএস অফিসার সুহাস, দখলে জোড়া প্যারালিম্পিক্স পদক
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদকের সংখ্যা আরও বাড়ল। প্যারা ব্যাডমিন্টনে এসএল৪ ক্যাটেগরিতে সিঙ্গলসে রুপো জিতলেন সুহাস যথীরাজ।
টোকিও প্যারালিম্পিক্সেও তিনি রুপো জিতেছিলেন তিন বছর আগে। আজ ফাইনালে তিনি হেরে যান ফ্রান্সের লুকাস মাজুরের কাছে।

লা চ্যাপেলা অ্যারেনার কোর্ট নম্বর ১-এ সুহাস নেমেছিলেন সোনা জয়ের লক্ষ্যেই। তবে ফরাসি প্রতিপক্ষের কাছে ৩৪ মিনিটের মধ্যে তিনি হেরে যান ৯-২১, ১৩-২১ ব্যবধানে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান প্যারা গেমসে সোনা জিতলেও সুহাস এদিন হেরে গেলেন একপেশে ম্য়াচে।
যাঁদের শরীরের একটা অংশের, কিংবা দুই পায়ের নড়াচড়া সীমিত, অথবা যাঁদের শরীরের কোনও অঙ্গের অনুপস্থিতি রয়েছে তাঁরা এসএল৪ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। সুহাস এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর প্লেয়ার। কিন্তু সোনা অধরাই থেকে গেল তাঁর কাছে।
প্রথম গেমে সুহাস ১২ পয়েন্টে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি। ১৪ মিনিটের মধ্যেই প্রথম গেমে পরাস্ত হন। দ্বিতীয় গেম সুহাস ভালোভাবেই শুরু করেন। তবে ফরাসি প্রতিপক্ষের চ্যালেঞ্জ আর সামলাতে পারেননি।
সুহাসের জন্ম কর্নাটকের হাসানে। বছর ৪১-এর সুহাস উত্তরপ্রদেশ ক্যাডারের ২০০৭ সালের ব্যাচের আইএএস অফিসার। ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি ইঞ্জিনিয়ারিংও পাস করেন। সুহাসই দেশের একমাত্র অফিসার যিনি প্যারালিম্পিক্সে পদক ও অর্জুন পুরস্কার জিতেছেন। উত্তরপ্রদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান যশ ভারতীতে ভূষিত হন সুহাস।
মহারাজগঞ্জ, হাথরস, সোনভদ্র, যৌনপুর, আজমগড়, প্রয়াগরাজে জেলাশাসকের দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক। সুহাস বিয়ে করেছেন ঋতুকে, যিনি ২০১৯ সালে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় মিসেস ইউপি নির্বাচিত হন। ভোটারদের সচেতন করার কাজে সুহাসের স্ত্রীও সরকারি পুরস্কার পেয়েছেন। প্রশাসনিক স্তরে ভালো কাজের জন্য সুহাসও অনেক পুরস্কার জিতেছেন।












Click it and Unblock the Notifications