Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে কালই কি প্রথম পদক? নজরে কোন কোন ইভেন্ট?
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে আজ ভারত অভিযান শুরু করল। তবে এদিন ছিল না কোনও মেডেল ইভেন্ট। যা আছে কাল, প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনে।
শুক্রবারও ভারতের বেশিরভাগ চ্যালেঞ্জ রয়েছে প্যারা ব্যাডমিন্টনেই। কখন, কোন ইভেন্ট রয়েছে তা দেখে নেওয়া যাক।

বেলা ১২টায় প্যারা ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস এসএল ৩ গ্রুপ পর্বের খেলায় মানসী যোশী নামবেন ওকসানা কোজিনার বিরুদ্ধে। বেলা সাড়ে ১২টায় প্যারা শ্যুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ কোয়ালিফিকেশনে নজর থাকবে অবনী লেখরা ও মোনা আগরওয়ালের দিকে।
দুপুর ১টা ২০ মিনিট নাগাদ প্যারা ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস এসএল ৩ গ্রুপ পর্বের ম্যাচে মনোজ সরকারের সামনে মংখোন বানসান। দেড়টা নাগাদ মহিলাদের ডিসকাস থ্রো এফ ৫৫ ফাইনাল রয়েছে, যা মেডেল ইভেন্ট। এতে নামছেন করম জ্যোতি ও সাক্ষী কাসানা।
দুপুর ২টো নাগাদ প্যারা ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস এসএল ৩ গ্রুপ পর্বের খেলায় নীতেশ কুমার নামবেন চিনের ইয়াং জিয়ানইউয়ানের বিরুদ্ধে। দুপুর ২টো ৪০ মিনিট নাগাদ প্যারা ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে এসএল ৪ গ্রুপ পর্বে সুহাস যথীরাজের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার শিন কিউং হোয়ান।
দুপুর ২টো ৪৫ মিনিটে প্যারা শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ১ কোয়ালিফিকেশনে মণীশ নারওয়াল ও রুদ্রাংশ খাণ্ডেলওয়াল অংশ নেবেন। বিকেল ৪টে ২৪ মিনিটে প্যারা সাইক্লিংয়ে পুরুষদের সি২ ৩০০০ মিটার ব্যক্তিগত পারস্যুটের কোয়ালিফিকেশনে নামবেন আরশাদ শেখ।
বিকেল ৪টে ৪০ মিনিটে প্যারা ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস এসএল ৪ গ্রুপ পর্বের ম্যাচে ইন্দোনেশিয়ার লিন রাটরি ওকতিলার মুখোমুখি হবেন পলক কোহলি। বিকেল পৌনে পাঁচটায় মহিলাদের ১০০ মিটার-টি৩৫ ফাইনাল রয়েছে। পদকের লক্ষ্যে নামবেন প্রীতি পাল।
বিকেল পাঁচটায় প্যারা শ্যুটিংয়ে মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ২ যোগ্যতা অর্জনে নামবেন শ্রীহর্ষ দেবারাদ্দি।
সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্যারা ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস এসইউ৫ গ্রুপ পর্বের ম্যাচে পর্তুগালের বিট্রিজ মন্টেইরোর সামনে থুলসিমথি মুরুগেসান। এরপর রাত ৮টা ১০ মিনিটে পুরুষদের সিঙ্গলস এসএইচ৬ গ্রুপ পর্বের ম্যাচে শিবরাজন সোলাইমালাই খেলবেন হংকংয়ের চু মান কাইয়ের বিরুদ্ধে।
রাত ৮টা ৫০ মিনিটে মহিলাদের সিঙ্গলস এসএইচ ৬ গ্রুপ পর্বে নিত্য স্রে সিভান খেলবেন চাইনিজ তাইপের কাই ওয়াই লিনের বিরুদ্ধে। রাত ১০টা ৫০ মিনিট নাগাদ পুরুষদের সিঙ্গলস এসএইচ ৬ গ্রুপ পর্বের ম্যাচে কৃষ্ণ নাগারের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের মাইলস ক্রাজেওস্কি।
রাত ১২টা ১০ মিনিট নাগাদ প্যারা ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস এসএল৩-এসইউ৫ গ্রুপ পর্বের ম্যাচে সুহাস-পলক ও নীতেশ-মুরুগেসান জুটির দিকে নজর থাকবে। রাত দেড়টা নাগাদ মিক্সড ডাবলস এসএইচ৬ গ্রুপ পর্বের ম্যাচে শিবরাজন সোলাইমালাই-নিত্য স্রে সিলভান কোর্টে নামবেন।












Click it and Unblock the Notifications