Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টনে মিশ্র ফল ভারতের, সাইক্লিং ও তাইকোন্ডোয় হোঁচট
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সের প্রথম দিনে ভারতের বেশিরভাগ ইভেন্ট রয়েছে ব্যাডমিন্টনের। যাতে এখনও পর্যন্ত মিশ্র ফল ভারতের।
তিরন্দাজির পাশাপাশি সাইক্লিং ও তাইকোন্ডোর ইভেন্টও ছিল। একনজরে দেখে নেওয়া যাক কোন ক্রীড়াক্ষেত্রে কেমন শুরু করলেন ভারতের ক্রীড়াবিদরা।

ব্যাডমিন্টনে এসএল ৪ গ্রুপে ভারতের সুকান্ত কদম, সুহাস যথীরাজ ও তরুণ জয় ছিনিয়ে নিলেন সিঙ্গলসে। ১০ বছর বয়সে ক্রিকেট খেলার সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট লেগেছিল সুকান্তর। এখন তাঁর বয়স ৩১। সুকান্ত মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারালেন ১৭-২১, ২১-১৫, ২২-২০-তে। নির্ণায়ক গেমে তিনি তিনি ১৬-২০-তে পিছিয়ে ছিলেন। এরপর টানা ৬ পয়েন্ট জেতেন।
টোকিও প্যারালিম্পিক্সে রুপোজয়ী সুহাস ইন্দোনেশিয়ার হিকমত রামদানিকে হারান ২১-৭, ২১-৫ ব্যবধানে, সময় নেন মাত্র ২২ মিনিট। তরুণ ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। কেরিয়ারের দ্বিতীয় প্যারালিম্পিক্সে তিনি এদিন ব্রাজিলের প্রতিপক্ষকে হারিয়ে দিলেন ২১-১৭, ২১-১৯-এ। এসএল ৪-এ সেই অ্যাথলিটরা নামেন যাঁদের শরীরের নিম্নাংশে সমস্যা রয়েছে, হাঁটাচলার ক্ষেত্রে ভারসাম্যের অভাব বোধ করেন।
এদিন প্রথম দ্বৈরথটি ছিল এসএল ৩-এসইউ ৫ মিক্সড ডাবলসের গ্রুপ স্টেজে। নীতেশ কুমার ও থুলসিমথি মুরুগেসান ২১-১৪, ২১-১৭-তে হারিয়ে দেন সুহাস ও পলক কোহলির জুটিকে। এসএল ৩ গ্রুপ পর্বের সিঙ্গলসে হেরে গিয়েছেন মনদীপ কৌর ও মানসী যোশী।
শিবরাজন সোলাইমালাই ও নিত্য স্রে জুটি এসএইচ ৬-এ মিক্সড ডাবলসে দ্বিতীয় বাছাই। সেই জুটি হেরে গেল মার্কিন জুটির কাছে।
মহিলাদের সি ১-৩ ৩০০০ মিচার ব্যক্তিগত পারস্যুট সাইক্লিং ইভেন্টে দশম স্থান পেলেন জ্যোতি গাদেরিয়া। কোয়ালিফাইং রাউন্ডে শেষ স্থানে শেষ করায় তিনি ছিটকে গেলেন এই ইভেন্ট থেকে।
মহিলাদের তাইকোন্ডোর কে ৪৪-৪৭ কেজি বিভাগের রাউন্ড অব সিক্সটিনে ভারতের অরুণা তানোয়ার ০-১৯ ব্যবধানে হেরে গেলেন তুরস্কের নুরচিয়ান একিনচির কাছে। কনুইয়ের উপর বাহুতে দুর্বলতা বা সমস্যা থাকা ক্রীড়াবিদরা এই বিভাগে নামেন।












Click it and Unblock the Notifications