Paris Olympics: এক থ্রো-য়ে ৯২.৯৭ মিটার! অলিম্পিক্সের মঞ্চে নয়া রেকর্ড পাকিস্তানের আরশাদ নাদিমের
অলিম্পিক্সের মঞ্চে নয়া রেকর্ড। বৃহস্পতিবার রাতে(ভারতীয় সময় অনুসারে) সব নজর ছিল অলিম্পিক্স গেমসে জ্যাভলিন থ্রো-র ইভেন্টের দিকে। টোকিও অলিম্পিক্সে এই ইভেন্টে সোনা জিতে প্রত্যাশার পারদকে উর্ধ্বমুখী করেছেন নীরজ চোপড়া। এবারও তাঁর দিকেই ছিল নজর।
কিন্তু প্যারিসের মঞ্চে সবথেকে বড় চমকটা দিলেন পড়শি দেশের অ্যাথলিট। ভারত-পাকিস্তানের লড়াই ছিল জ্যাভলিনের অন্যতম আর্কষণ। অর্থাৎ নীরজ চোপড়া বনাম আরশাদ নাদিম। অলিম্পিক্সের মঞ্চে ৯০ মিটার থ্রো করে সবথেকে বড় চমকটা দিলেন পাক জ্যাভলিন থ্রোয়ার। প্রথম থ্রো-য়ে ফাউল করেছিলেন। দ্বিতীয় থ্রো-য়ে অলিম্পিক্সে রেকর্ড আরশাদ নাদিমের। ৯২.৯৭ মিটার! বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী প্যারিসে জিতে নিলেন সোনা।

টোকিও অলিম্পিক্সে মঞ্চ থেকেই নীরজ বনাম আরশাদের লড়াই শুরু হয়। এরপর থেকেই নীরজের মতোই খবরের শিরোনামে থেকেছেন। প্যারিসের মঞ্চে দুইবার ৯০ মিটারের বেশি থ্রো করে চমকে দিলেন, সেই সঙ্গে সোনা জিতলেন। শেষ থ্রো-টি করেন ৯১.৭৯ মিটার। দুই বার ৯০ মিটারের বেশি থ্রো করে সোনা জিতে নিলেন।
আরশাদ হলেন পাকিস্তানের প্রথম অ্যাথলিট যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। নরওয়ের আন্দ্রেয়াস খরকিন্ডসেন এর আগে অলিম্পিক্সের মঞ্চে ৯০ মিটারের রেকর্ড ছিল। আজ সেটাই ভেঙেছেন আরশাদ। বেজিং অলিম্পিক্সে ৯০.৫৭ মিটার জ্যাভলিন থ্রো করে আন্দ্রেয়াস এই রেকর্ডটি গড়েছিলেন।। প্যারিসে তাঁকে ছাপিয়ে গেলেন আরশাদ।
প্যারিস অলিম্পিক্সের ফাইনালের মঞ্চে পাকিস্তানের এই অ্যাথলিট শুরুটা ভালো করতে পারেননি। প্রথম থ্রো ফাউল হয় তাঁর। কিন্তু দ্বিতীয় থ্রো-তে রেকর্ড করে বাকি সবাইকে ছাপিয়ে গেলেন। ৯২.৯৭ মিটারের থ্রো করে আত্মবিশ্বাস বেড়ে যায় পাকিস্তানের আরশাদের। এরপর ৮৮.৭২ মিটার, ৭৯.৪০ মিটার , ৮৪.৮৭ মিটার থ্রো করেন। শেষ থ্রো ৯০ মিটারের বেশি করলেন। নীরজের থেকে সোনার পদক ছিনিয়ে নিলেন।
অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক জয়ের নজির গড়লেন পাকিস্তানের কোনও অ্যাথলিট। ১৯৯২ সালের পরে সাতটি অলিম্পিক্সে কোনও পদক পায়নি পাকিস্তান। সেই খরাও কাটালেন আরশাদ। বাবর আজমদের দেশে নতুন হিরো এখন আরশাদ নাদিম।












Click it and Unblock the Notifications