Paris Olympics 2024: কার পরামর্শে পেলেন সাফল্য? সোনা জিতেই নেপথ্যের মানুষটির কথা প্রকাশ্যে আনলেন লাইলস
২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত অলিম্পিক্সে দৌড় ইভেন্টে একচ্ছত্র দাপট ছিল জামাইকার। বলা ভালো বোল্টের। অবশেষে অলিম্পিক্সের গতির লড়াইয়ে আধিপত্য শেষ হতে চলেছে জামাইকার। ২০ বছর পর অলিম্পিক্সের ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার রাতে আমেরিকার নোয়া লাইলস নতুন ইতিহাস গড়লেন এবং হলেন বিশ্বের দ্রুততম পুরুষ। কিন্তু কীভাবে পেলেন সাফল্য? সোনা জয়ের পর তা ফাঁস করলেন মার্কিন অ্যাথলিট।
সোনা জয়ের পরে সংবাদ সংস্থাকে তাঁর সাফল্যের নেপথ্যের মানুষটির কথা বলেছেন। লাইলস তাঁর থেরাপিস্টের কথাই তুলে ধরেছেন। বিস্তারিত বিবরণ দিয়েছেন কীভাবে থেরাপিস্টের পরামর্শ তাঁকে সোনা জিততে সাহায্য করেছিল।

লাইলস জানিয়েছেন, "আমি চাপে ছিলাম বলব না, আমি বলব যে কী ঘটতে চলেছে তা নিয়ে আমি অত্যন্ত কৌতূহলী ছিলাম। কিন্তু আমি আমার থেরাপিস্টের সঙ্গে যখন কথা বলি তখন তিনি আমাকে শান্ত করেন। শুধু মাত্র দৌড়ে ফোকাস করতে বলেন। বাকি ভাবনা সম্পূর্ণ ভুলে যাওয়ার পরামর্শ দেন।"
লাইলস আরও বলেন, "আমি সেমিফাইনাল থেকে তৃতীয় দ্রুততম হয়ে এসেছি। আমি মনে করেছিলাম 'এটি গুরুতর হতে চলেছে, এটি সহজ হবে না'। তখন আমার থেরাপিস্ট আমাকে পরামর্শ দেন যে আমাকে কী করতে হবে। আমি তাঁর পরামর্শ মেনে চলি।"
প্যারিসে এই জয়টি লাইলস নিরলস প্রচেষ্টা এবং তাঁর মানসিক ও শারীরিক সুস্থতার প্রতি অবদান হিসেবে উল্লেখ করেছেন। অ্যাথলেটিক্সে শ্রেষ্ঠত্ব অর্জনে মানসিক স্বাস্থ্যের গুরুত্বের উপরও জোর দিয়েছেন মার্কিন এই ক্রীড়াবিদ।
লাইলস বলেছেন, "আমি সবচেয়ে বড় মঞ্চে, সেরাদের বিরুদ্ধে লড়তে চলেছি, এটার জন্য মানসিক প্রস্তুতিটা সবার আগে দরকার। আমি ২০২১ সালে টোকিওতে ১০০ মিটারে অংশ নিইনি। সবাই জানে এই অলিম্পিক্সেই আমি প্রথমবার ১০০ মিটারে অংশ নিই।"
সোনা জয়ের পর আমেরিকান ক্রীড়াবিদ বলেন, 'দারুণ একটা মুহূর্ত। বিগত কয়েক বছর ধরে ১০০ মিটারে জামাইকার আধিপত্য দেখেছি। আমি বলেছিলাম, যে দিন আমি নামব, সে দিন জামাইকার কোনও অ্যাথলিট শীর্ষে থাকতে পারবে না। সেটাই করে দেখিয়েছি। দৌড়ের শেষটা এর থেকে ভাল হতে পারত না। খুব ভালো লড়াই হয়েছে। শেষ পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে জিতেছে। এমন ইভেন্ট দেখতেই তো দর্শকরা আসেন।"
লাইলস এখন ২০০ মিটার ইভেন্টে নামবেন। সোমবার যে ইভেন্ট শুরু হচ্ছে। ১০০ মিটারের পর এবার ২০০ মিটারেও সোনা জয়ই পাখির চোখ মার্কিন অ্যাথলিটের কাছে।












Click it and Unblock the Notifications