Paris Olympics 2024: ভারতীয় দলের শেষ ভরসা ব্রোঞ্জ পদক, কখন-কোথায় দেখবেন হকির মেগা ম্যাচ?
সেমিফাইনালের জার্মানির কাছে হেরে সোনা-রুপোর লড়াই থেকে ছিটকে গিয়েছে ভারতীয় হকি দল। তবে পদক জয়ের আশা এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার ব্রোঞ্জ জয়ের ম্যাচে খেলতে নামছেন হরমনপ্রীত-শ্রীজেশরা। প্রতিপক্ষ স্পেন।
৪১ বছর পর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবার পদকের রং বদলে মরিয়া ছিল ভারতীয় হকি দল। কিন্তু সেটা হল না। ভালো খেলেও জার্মানির কাছে হেরে সোনা রুপোর লড়াই থেকে এক কদম দূরেই থামতে হল ভারতীয় দলকে। তবে প্যারিস থেকে খালি হাতে ফিরতে নারাজ ভারতীয় হকি দল।

রোমাঞ্চকর সেমিফাইনালে জার্মানির কাছে ২-৩ ব্যবধানে হারের পর, ভারতীয় পুরুষ হকি দল স্পেনের বিরুদ্ধে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকের জন্য লড়বে। প্রথম সেমিফাইনালে নেদারল্যান্ডসের কাছে ০-৪ গোলে হেরেছে স্পেন। ফলে দুই দলের ব্রোঞ্জ জয়ের ম্যাচ হবে।
এই ম্যাচে নামার আগে পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষেই আছে। এখনও পর্যন্ত দুই দেশ ৩৪বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ১৬ বার এবং স্পেন জিতেছে ১২ বার। ছয়টি ম্যাচ ড্র হয়েছে। শেষ পাঁচটি সাক্ষাতের মধ্যে ভারত ৪-১ ফলে এগিয়ে আছে। সব মিলিয়ে পরিসংখ্যানে এগিয়ে থেকেই ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলতে নামছে ভারত।
ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেছেন, আমরা অত্যন্ত হতাশ যে আমাদের অলিম্পিক্স গেমসের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়নি। দল তাদের সেরাটা দিয়েছে এবং আমরা যেভাবে খেলেছি অধিনায়ক হিসেবে আমি গর্বিত। কোনও খেলাতেই আমরা হাল ছাড়িনি। এমনকি জার্মানির বিরুদ্ধে ম্যাচেও আমরা শেষ সেকেন্ড পর্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছি।"
একইসঙ্গে ভারতের হকি অধিনায়ক বলেছেন, জার্মানির বিরুদ্ধে এই হার ভুলে যাওয়া সহজ হবে না। তুল্যমূল্য লড়াই হয়েছিল এবং এবার পদকের রঙ পরিবর্তন করা সবার স্বপ্ন ছিল। কিন্তু এখন, আমরা ব্রোঞ্জ পদক খেলায় মনোনিবেশ করছি। টানা দ্বিতীয়বার পদক জেতার সুযোগ রয়েছে আমাদের।'
পরিসংখ্যানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় শিবির। হার্দিক সিং বলেছেন, "স্পেন খুব কঠিন প্রতিপক্ষ এবং কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে তারা জয় পেয়েছে। তারা আমাদের জন্য পরিচিত প্রতিপক্ষ এবং আমরা পদক নিয়ে দেশে ফেরার অপেক্ষায় আছি।
ভারত বনাম স্পেনের ম্যাচটি বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৩০ মিনিট থেকে শুরু হবে। এই ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে এবং জিও সিনেমাতে।












Click it and Unblock the Notifications