Paris Olympics: তিরন্দাজিতে কাঁটা সেই কোরিয়া, কোয়ার্টার ফাইনাল থেকেই হতাশাজনক বিদায় দীপিকার
দিনের শুরুতে আশার আলো দেখিয়েছিলেন। কিন্ত বেলাশেষে হতাশার অন্ধকার। প্যারিস অলিম্পিক্সের তিরন্দাজিতে দলগত রাউন্ডের পর এবার মহিলাদের ব্যক্তিগত রাউন্ডে ব্যর্থতাই সঙ্গী হল ভারতে। মহিলাদের ব্যক্তিগত রাউন্ডের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ভারতের বর্ষীয়ান তিনরন্দাজ।
শনিবার দিনের শুরুতে জার্মানির মিশেল ক্রোপেনকে ৬-৪ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন দীপিকা কুমারী। ভারতীয় সময় অনুসারে বিকেল পাঁচটার একটু পরেই কোয়ার্টাার ফাইনালে নামেন দীপিকা। তাঁর প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়ার সু হেওন। প্রথম সেটে এগিয়ে গিয়ে আশা দেখালেও শেষ পর্যন্ত ৪-৬ ফলে হেরে গেলেন দীপিকা। সেই সঙ্গে চুপসে গেল পদকের প্রত্যাশার ফানুসটাও।

দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের সঙ্গে দীপিকার কোয়ার্টার ফাইনালের ফলাফল শেষ পর্যন্ত হয় ২৮-২৬, ২৫-২৮, ২৯-২৮, ২৭-২৯, ২৭-২৯৷ ২-১ এগিয়ে যাওয়ার পরেও নিজের লিড ধরে রাখতে পারেননি ভারতীয় তারকা তিরন্দাজ।দীপিকার ধারাবাহিকতার অভাব তাঁর সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে উঠল, সেইসঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর নার্ভ যেন ফেল করল। গুরুত্বপূর্ণ শটেই কম স্কোর তাঁকে ছিটকে দিল।
সেমিফাইনালে ওঠার ম্যাচে দীপিকা প্রথম সেটে দুরন্ত খেলে এগিয়ে গিয়েছিলেন। প্রথম সেটের ফলাফল ছিল দীপিকার পক্ষে ২৮-১৬। ২ পয়েন্টের লিড নেন বাংলার পুত্রবধূ। , এরপর দ্বিতীয় সেটে একটা একেবারে খারাপ শট মেরে হেরে বসেন। কোরিয়ান প্রতিপক্ষ ২৮-২৫ ফলে সেট জিতে নেন।
তৃতীয় সেটে ফের দুরন্ত খেলে প্রত্যাবর্তন করলেন। ২৯-২৮ ফলে সেট জিতে ম্যাচে ফিরলেন। কিন্তু তার পরের দুটি সেটে একটি করে শট খারাপ খেলে বিদায় নেন দীপিকা। পরের দুটি সেটেই ২৭-২৯, ২৭-২৯ ফল করে ম্যাচ হারলেন সেইসঙ্গে আৱও একবার দেশকে হতাশ করলেন। কোরিয়ান কাঁটাতেও আরও একবার বিদ্ধ হল ভারত।
বর্ষীয়ান দীপিকার খেলা দেখেই পরিষ্কার বোঝা গেল প্রতিভা, পরিশ্রম, সাধনায় তার কোনও খামতি ছিল না। কিন্তু বিগত তিনটি অলিম্পিক্সের মতোই এবারও একেবারে চূড়ান্ত সময়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে স্নায়ুর চাপ ধরে রাখতে ব্যর্থ হলেন।
দীপিকা কুমারীর কাছে সুযোগ ছিল এবারের অলিম্পিক্সে পদক জিতে সব সমালোচনার স জবাব দেওয়ার। কারণ দীর্ঘদিন ধরেই দীপিকাই ভারতীয় তিরন্দাজির মুখ। বিশ্ব চ্যাম্পিনশিপে একাধিক পদক জিতলেও অলিম্পিক্সে তাঁর ব্যর্থতার ধারা অব্যাহতই থাকল। শুধু দীপিকা নন ভারতের অন্যজ আর্চাররাও বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়াডে পদক জিতলেও ব্যর্থ হচ্ছেন অলিম্পিক্সে, উত্তর খোঁজার সময় হয়েছে।












Click it and Unblock the Notifications