Paris Olympics 2024: প্যারিসেই চতুর্থ তথা শেষ অলিম্পিক্সে নামছেন মনপ্রীত, কঠিন পুল থেকে পদকই পাখির চোখ
Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারত সোনা-সহ সবচেয়ে বেশি পদক জিতেছে হকিতেই। তবে দীর্ঘ চার দশক হকিতে কোনও পদক পায়নি ভারত।
৪১ বছরের সেই পদকের খরা মিটেছিল টোকিও অলিম্পিক্সে। মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারত জেতে ব্রোঞ্জ। সেই মনপ্রীত এবার কেরিয়ারের চতুর্থ তথা শেষ অলিম্পিক্সে নামতে চলেছেন।

২০১৪ ও ২০২২ সালের এশিয়ান গেমস হকিতে ভারত যে সোনা জিতেছিল সেই দলেরও সদস্য ছিলেন মনপ্রীত। বছর বত্রিশের মনপ্রীত এখনই হকিকে বিদায় জানাচ্ছেন না। যদিও নিজের সেরাটা উজাড় করে দিয়ে দেশকে আরও একটি অলিম্পিক্স পদক এনে দিতে প্রত্যয়ী তিনি।
মনপ্রীতের কথায়, কখনও ভাবিনি চারবার অলিম্পিক্সে নামতে পারব। সকলেরই অলিম্পিক্সে অংশ নেওয়া, পদক জেতার স্বপ্ন থাকে। সেই নিরিখে চতুর্থ অলিম্পিক্সে নামার আগে নিজেকে ভাগ্যবান বলেই মনে হচ্ছে। প্যারিসই আমার শেষ অলিম্পিক্স। সেরাটা দেওয়ার ভাবনা নিয়েই সেখানে যাচ্ছি।
২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় দলে অভিষেক হয় মনপ্রীতের। তিনি বলেন, এখনই অবসরের কোনও ভাবনা নেই। পুরোপুরি ফোকাস অলিম্পিক্সেই। জলন্ধরের মিঠাপুর গ্রাম থেকে ভারতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার হওয়ার পথ মসৃণ ছিল না। দারিদ্র্য, মিথ্যা অভিযোগের বাধা পার হতে হয়েছে।
মনপ্রীতের মা ছেলের কেরিয়ার গড়তে কঠোর পরিশ্রম করেছেন। টোকিও অলিম্পিক্সের পর মনপ্রীতকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিতে যেতে হয়েছে। প্রাক্তন ভারতীয় কোচ জোয়ার্ড মারিন অভিযোগ করেছিলেন, মনপ্রীত একজন প্লেয়ারকে খারাপ খেলতে বলেছিলেন যাতে তাঁর বন্ধুরা ২০১৮ সালে কমনওয়েলথ গেমসের দলে সুযোগ পান।
ভারতের পুরুষ ও মহিলা হকি দল মারিনের সেই দাবি খারিজ করে পাল্টা বলেছিল, নিজের বইয়ের জনপ্রিয়তা বাড়াতেই মারিন এইসব বলছেন। মনপ্রীত এখনও মনে করেন,ওটাই তাঁর কেরিয়ারের কঠিনতন অধ্যায় ছিল। ভেঙে পড়েন, সকলের প্রতি বিশ্বাস হারাতে থাকেন।
যদিও সেই সময় পিআর শ্রীজেশের সঙ্গে কথা হয় মনপ্রীতের। মা উৎসাহ দিয়ে বলেছিলেন বাবার স্বপ্নপূরণ করতে। গোটা দল পাশে ছিল। পরিবার ও পাশে থাকায় কামব্য়াক করতে সুবিধা হয়েছিল বলে দাবি মনপ্রীতের। ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি নিজের সঙ্গে মিল পান হার্দিক পাণ্ডিয়ার কামব্যাকের।
বাবা দুবাইয়ে কাঠমিস্ত্রির কাজ ফেলে ফিরেছিলেন অসুস্থতা নিয়ে। মনপ্রীতের দাদারাও হকি খেলা ছা়ড়েন আর্থিক প্রতিবন্ধকতার কারণে। মনপ্রীতকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দিয়েছেন তাঁর মা। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দলের সাফল্য এবারও অনেকটাই নির্ভর করবে মনপ্রীতের উপরই।
পারগত সিংকে আদর্শ মেনে চলা মনপ্রীত বলেন, অধিনায়ক নই। তবে এতে তেমন কোনও ফারাক হয় না। হকিতে সব প্লেয়ারেরই একেকটা দায়িত্ব থাকে। সিনিয়র হিসেবে তরুণদের উৎসাহিত করাও আমার কাজ। টোকিও অলিম্পিক্সের আগে করোনা পরিস্থিতিতে ভারতীয় দল দীর্ঘ সময় একসঙ্গে ছিল। তাতে টিম বন্ডিং খুব ভালো হয় বলে উপলব্ধি মনপ্রীতের।
এবারের অলিম্পিক্সে ভারতীয় দলে রয়েছেন টোকিওর দলে থাকা একজন। পাঁচজন নতুন। তাঁদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন অলিম্পিয়ানরা। ভারত কঠিন পুলে পড়েছে। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, আর্জেন্তিনা, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে।
মনপ্রীত বলেন, আমাদের পুল কঠিন। কাউকে হাল্কাভাবে নেওয়ার অবকাশ নেই। বিশ্বকাপে নিউজিল্যান্ড আমাদের হারিয়েছে। আয়ারল্যান্ড সম্প্রতি বেলজিয়ামকে হারিয়েছে। আমাদের পরিকল্পনা রূপায়ণেই ফোকাস থাকবে। ফিফটি-ফিফটি পরিস্থিতি থেকে সুযোগ কাজে লাগালে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। সেই লক্ষ্য নিয়েই প্যারিস যাচ্ছি।












Click it and Unblock the Notifications