Paris Olympics 2024: তিন বছরেই বিরাট বদল! প্যারিস অলিম্পিক্সে ভারত নামছে কোন কোন অভিনবত্ব সঙ্গে করে?
Paris Olympics 2024: টোকিও অলিম্পিক্সে ২০২১ সালে ভারত জিতেছিল সাতটি পদক। পদকজয়ী থেকে শুরু করে বেশ কয়েকজন অলিম্পিয়ান ক্রীড়াবিদ এবারেও অংশ নেবেন নিজেদের ইভেন্টে।
ভারতের মোট ১১৭ জন ক্রীড়াবিদ প্যারিসে নামবেন পদকের লক্ষ্য নিয়ে। তিন বছর আগের তুলনায় ভারত এবার বেশ কিছু নতুন নজির গড়েই শুরু করছে পদকের অভিযান।

টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। তিনি এবারও সোনা জিততে বদ্ধপরিকর, সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় অন্যতম ফেভারিট। তবে এই অলিম্পিক্সের আসরে ভারতের দু-জন জ্যাভলিন থ্রোয়ার নামছেন। নীরজের সঙ্গে রয়েছেন এশিয়ান গেমসে সোনাজয়ী কিশোর কুমার জেনা।
২০০৪ সালের পর এই প্রথম অলিম্পিক্সের পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে পদকের দৌড়ে থাকছেন দু-জন শাটলার। তাঁদের দু-জনের কেরিয়ারেই এটি প্রথম অলিম্পিক্স। এই দুই শাটলার হলেন বছর বত্রিশের এইচএস প্রণয় ও ২২ বছরের লক্ষ্য সেন।
মহিলাদের ১০০ মিডার হার্ডলসে ভারত থেকে প্রথমবার অলিম্পিক্সের ট্র্যাকে নামবেন জ্যোতি ইয়ারাজি। মহিলাদের কুস্তির হেভিওয়েট বা ৭৬ কেজি বিভাগে এই প্রথমবার থাকছেন ভারতীয় কুস্তিগীর। তিনি হলেন ঋতিকা হুডা।
২০২০ সালের অলিম্পিক্সে অংশ নিতে পারেননি রোহন বোপান্না। তিনি এবারের অলিম্পিক্সে ভারত থেকে অংশ নেওয়া সবচেয়ে বেশি বয়সের ক্রীড়াবিদ। এটিপি ক্রমতালিকায় প্রথম পাঁচে থাকার সুবাদে তিনি নামতে পারবেন এবার ডাবলসে।
ভারত থেকে সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে বছর ১৪-র ধিনিধি দেসিংঘু নামতে চলেছেন অলিম্পিক্সের আসর। পদকের আশা করাটা এ ক্ষেত্রে বাড়াবাড়ি। ঠিকভাবে সব কিছু চললে আগামী দিনে বেশ কয়েকবার অলিম্পিক্সে নামতে পারবেন ধিনিধি। আশা করা যাচ্ছে, মূল লড়াইয়ে আইডলদের সঙ্গে জলে নেমে তিনি অনেক কিছু শিখেই ফিরতে পারবেন।












Click it and Unblock the Notifications