Vinesh Phogat: ভিনেশ সাপোর্ট স্টাফদের ভুলের শিকার, চাঞ্চল্যকর দাবি ভারতীয় কুস্তি সংস্থার
Vinesh Phogat: ভিনেশ ফোগাট সাপোর্ট স্টাফদের ভুলের শিকার। মাইখেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর দাবি ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিংয়ের।
ভিনেশ ফোগাট আজ সকালে ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে ফাইনাল থেকে ছিটকে যান। রুপোও মিলবে না তাঁর।

ভিনেশের অলিম্পিক্স থেকে দুর্ভাগ্যের শিকার হয়ে ছিটকে যাওয়ার ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। সঞ্জয় সিং জানান, আমরা বুঝতে পারছি ভিনেশের ফাইনালে নামা সম্ভব নয়। কেন না, বিশ্ব কুস্তি সংস্থার পাশাপাশি ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল ও আয়োজক কমিটিও রয়েছে।
ফলে ভিনেশের ছিটকে যাওয়া কোনও নিয়ম বহির্ভূত বিষয় নয় বলেও জানান সঞ্জয়। তবু ভারতের কুস্তি ফেডারেশন ভিনেশের বিষয়ে ছাড় দেওয়ার আবেদন জানিয়ে যে প্রতিবাদ পাঠিয়েছে তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে।
ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে যাওয়া মেডিক্যাল টিমের প্রধান ডা. দিনশ পার্ডিওয়ালা জানিয়েছেন, অনেক সময় কম্পিটিশনের পরে ওজন বেড়ে যায়। সেটাই সমস্যার মূল কারণ হয়েছে ভিনেশের জন্য। এমনিতেও ৫৩ কেজিতে লড়তে অভ্যস্ত ভিনেশ প্যারিস অলিম্পিক্সে নেমেছেন ৫০ কেজি বিভাগে।
ফলে ওজন নিয়ন্ত্রণে রাখার সব চেষ্টা করা হলেও শেষ অবধি তা সম্ভব হয়নি বলে জানান পার্ডিওয়ালা। ডব্লিউএফআই সভাপতি সঞ্জয় সিং বলছেন, ভিনেশ যে কোচ ও সাপোর্ট স্টাফদের চেয়েছিলেন তাঁদেরই প্যারিসে পাঠানোর বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। এতে ফেডারেশনের কোনও বিষয় নেই।
সঞ্জয় সিংয়ের দাবি, আজ যে ঘটনা ঘটল তাতে ভিনেশ ফোগাটের কোনও দোষ নেই। তবে তিনি যে সাপোর্ট স্টাফদের উপর আস্থা রেখেছিলেন তাঁদের ভুলের মাশুল দিতে হলো। গোটা বিষয়টি ফেডারেশন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানান সঞ্জয়।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির আরও দাবি, ভিনেশের ডিহাইড্রেশন হওয়ায় তাঁকে কিছুক্ষণের জন্য গেমস ভিলেজের পলিক্লিনিকে ভর্তি করতে হয়েছিল। এখন তিনি ফিট রয়েছেন। তবে নিশ্চিত হওয়া পদক, বিশেষ করে সোনার কাছে পৌঁছেও খালি হাতে ফিরতে হচ্ছে, সেটা মানসিকভাবে তাঁকে আঘাত দিয়েছে। সে কারণে ভিনেশের সঙ্গে এখনই কথা বলেননি ফেডারেশন সভাপতি।
ভিনেশ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও অনেকে মন্তব্য করছেন। যদিও সঞ্জয় সাফ জানিয়ে দিলেন, এ সব বাজে কথা। খেলাধুলো নিয়ে রাজনীতি, তাতে রাজনৈতিক রং লাগানো বন্ধ হলে ভারতের পদকের সংখ্যা আরও বাড়বে বলেও মন্তব্য ভারতীয় কুস্তি ফেডারেশন সভাপতির।
এমন চর্চাও চলছে যে, ভিনেশ যদি চোটের কারণ দেখিয়ে নাম তুলে নিতেন তাহলে অন্তত রুপোটা পেত ভারত। সঞ্জয়ের দাবি, যদি ভিনেশ বাউট চলাকালীন চোট পেতেন তাহলেই নাম প্রত্যাহার সম্ভব ছিল। নচেৎ নাম তুলতে চাইলেও ওজন পরিমাপ করা হবে, এটাই নিয়ম।












Click it and Unblock the Notifications