Paris Olympics 2024: প্যারেড অব নেশনসে ভারতীয়দের পরনে তরুণের ডিজাইন করা পোশাক, সমালোচনা নেটাগরিকদের
Paris Olympics 2024: স্যেন নদীতে এবার হলো অলিম্পিক্সের উদ্বোধন। ভারতীয় দল প্যারেড অব নেশনসে ছিল ৮৪ নম্বরে। ভারতীয় ক্রীড়াবিদদের দেখেই শোনা গেল চেনা ইন্ডিয়া, ইন্ডিয়া স্লোগান।
ভারত থেকে প্যারেড অব নেশনসে অংশ নিয়েছিলেন ১২টি ক্রীড়াক্ষেত্রের ক্রীড়াবিদরা। ক্রীড়াবিদ ও অফিসিয়াল মিলিয়ে মোট ৭৮ জন।

পুরুষদের পরনে ছিল কুর্তা, কেউ পরেছিলেন বুন্দি জ্যাকেট। মহিলাদের পরনে ছিল শাড়ি। সবেতেই ছিল ভারতের জাতীয় পতাকার তিনটি রং। ভারতীয় শিল্প, ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্য নিয়েই এই পোশাক প্রস্তুত করা হয়েছে।
বুন্দি জ্যাকেটেও ছিল ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের ডিজাইন। পকেটে লেখা ইন্ডিয়া। ছিল অলিম্পিক্সের লোগোও। মহিলাদের শাড়ির ডিজাইন ইকাত-ঘরানার। শাড়িতেও জাতীয় পতাকার তিনটি রং ব্যবহার করা হয়েছে। ব্লাউজেও ছিল তেরঙা। তাতে ইন্ডিয়া লেখা ছিল। শাড়ির সঙ্গে স্নিকার্স পরেছিলেন ভারতীয় মহিলা ক্রীড়াবিদরা।
প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে যাওয়ার আগে গেমস ভিলেজে অনেকেই ছবি তোলেন। বিভিন্ন ক্রীড়া সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে শুরু করে ক্রীড়াবিদদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সে সব ছবি পোস্ট করা হয়। সকলেই জানান, প্যারেড অব নেশনসে অংশ নিতে পারার গর্বের কথা।
ভারতের ক্রীড়াবিদ ও অফিসিয়ালদের জন্য কটন-খাদি দিয়ে এই পোশাক তৈরির দায়িত্বে ছিলেন তরুণ তাহিলানি। মহিলাদের শাড়ি, ব্লাউজে ইকাত-ডিজাইনের প্রিন্টের সঙ্গে বেনারসী ঘরানাও তুলে ধরতে চেয়েছেন তিনি। পুরুষদের কুর্তা-বুন্দি তৈরি মস কটন দিয়ে।
যদিও এই ডিজাইন নিয়ে নানা মুনির নানা মত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা করছেন তরুণের। তাঁদের কথায়, যে শাড়ি ডিজাইন করা হয়েছে মুম্বইয়ের রাস্তায় ২০০ টাকা দামে তার চেয়ে ভালো শাড়ি পাওয়া যায়। অনেকেই লিখছেন, এই পোশাক দেখে মনে হচ্ছে ডিজাইনার ফাঁকি মেরেছেন। যেন, ডেডলাইনের তিন মিনিট আগে তিনি বানানো শুরু করেছিলেন। অলিম্পিক্সের মতো দরবারে ভারতের এই পোশাকের ডিজাইন অত্যন্ত নিম্নমানের বলেও তোপ দেগেছেন ক্রীড়ামোদীরা।












Click it and Unblock the Notifications