Paris Olympics 2024: তাজিন্দরপাল সিং তুর থেকে পারুল-অঙ্কিতা হতাশ করলেন অ্যাথলেটিক্সে, ভারত আপাতত ৪৭-এ
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারত সপ্তম দিনের শেষে পদক তালিকার ৪৭ নম্বরে। ভারতের ঝুলিতে আপাতত রয়েছে তিনটি ব্রোঞ্জ।
অ্যাথলেটিক্স থেকে গল্ফ কিংবা সেইলিং। কোথাও ভারতের জন্য ভালো খবর নেই। শনিবার অবশ্য ভারতের দুটি ইভেন্টে পদক জেতার সম্ভাবনা রয়েছে।

এশিয়ান গেমসে দু-বারের সোনাজয়ী তাজিন্দরপাল সিং তুর অন্তত ফাইনালে উঠতে পারবেন, সেই প্রত্যাশা ছিল। যদিও অলিম্পিক্সের নিজের ভালো ফর্মের ধারেকাছেই থাকতে পারলেন না তিনি। গ্রুপ এ-র বাছাই পর্বে তিনি পেলেন ১৫ নম্বর স্থান। সামগ্রিকভাবে তাঁর অবস্থান ২৯-এ।
অলিম্পিক্স কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড ছিল ২১.৩৫। সেরা ১২ জন গেলেন শট পুট ফাইনালে। ২৯ জনের মধ্যে ১১ জন ২১ মিটারের দূরত্ব পার করেছেন। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসের পর ২০২২ সালে হাংঝৌ গেমসেও সোনা জিতেছিলেন তাজিন্দরপাল সিং তুর। কিন্তু এদিন তাঁর থ্রো ছিল ১৮.০৫ মিটারের। পরের দুটি ফাউল থ্রো।
প্রথম থ্রো-র পর তাজিন্দরপাল সিং তুর ছিলেন ১৪ নম্বরে। তারপর নেমে যান পনেরোতে। ফলে এই হতাশাজনক পারফরম্যান্সের জেরে তিনি সেরা বারোয় জায়গা করা থেকে অনেক দূরেই থেমে গেলেন। উল্লেখ্য, তুরের কেরিয়ারের সেরা পারফরম্যান্স ২১.৭৭ মিটারের। চলতি মরশুমে সেরা ২০.৩৮। কিন্তু এদিন তিনি চূড়ান্ত ব্যর্থ।
৫০০০ মিটার দৌড়ে ভারতের পারুল চৌধুরী হাংঝৌ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। কিন্তু তিনিও এদিন ফাইনালে উঠতে ব্যর্থ। হিটে সামগ্রিকভাবে তিনি শেষ করলেন ২৪ নম্বরে থেকে। ভারতের আরেক অ্যাথলিট অঙ্কিতা ধ্যানী পেলেন ৪০ নম্বর স্থান।
৫০০০ মিটারে জাতীয় রেকর্ড রয়েছে পারুলের ঝুলিতে। ১৫ মিনিট ১০.৩৫ সেকেন্ডের। কিন্তু এদিন রাউন্ড ১ হিট ২-এ তিনি ১৫ মিনিট ১০.৬৮ সেকেন্ড সময় করেন। যার জেরে পান ১৪ নম্বর স্থান। এটি চলতি মরশুমে তাঁর সেরা পারফরম্যান্স। রাউন্ড ওয়ান হিট ওয়ানে অঙ্কিতা ছিলেন ২০ নম্বরে, সামগ্রিকভাবে ৪০ নম্বরে। প্রতি হিট থেকে ৮ জন করে অ্যাথলিট ফাইনালে গেলেন।
সেইলিংয়ে মহিলাদের ডিঙির তিনটি রেসের শেষে ভারতের নেত্রা কুমানন রয়েছেন একাদশ স্থানে। পুরুষদের ডিভিতে বিষ্ণু সর্বানন পঞ্চম রেসের পর আছেন ২২ নম্বরে। ১০টি রেসের পর সেরা দশজন যাবেন মেডেল রাউন্ডে। তবে ভারতের দুজনেরই ফাইনালের যোগ্যতা অর্জন করা খুব কঠিন। গল্ফে ভারতের শুভঙ্কর শর্মা ২৫ নম্বরে উঠে এলেও পদকের দৌড়ে অনেকটা পিছনে।












Click it and Unblock the Notifications