Paris Olympics 2024: ভারতীয় তিরন্দাজদের সঙ্গে বিতর্কিত ফিজিও! স্বজনপোষণের অভিযোগে চাঞ্চল্য অলিম্পিক্সের আগে
Paris Olympics 2024: ভারতীয় তিরন্দাজি দল নিয়ে ফের মাথাচাড়া দিল নয়া বিতর্ক। ইতিমধ্যেই অ্যাক্রিডিটেশন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হেড কোচ বেক উং কি (Woongki Baek)।
ভারতীয় তিরন্দাজদের সঙ্গে থাকার অনুমতি পাননি হাই পারফরম্যান্স ডিরেক্টর সঞ্জীব সিং। কিন্তু রাখা হয়েছে ফিজিও অরবিন্দ যাদবকে।

গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের লিমেরিকে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন এক কানাডিয়ান টিনএজারের সঙ্গে আপত্তিজনক আচরণের অভিযোগ উঠেছিল অরবিন্দর বিরুদ্ধে। ওয়ার্ল্ড আর্চারির তরফে বিষয়টি ভারতের তিরন্দাজি সংস্থা বা এএআইকে জানানো হয়।
যদিও বিষয়টি লঘু করে দেখিয়ে অভিযোগ খারিজ করে এএআই। সংস্থার এথিক্স কমিটি জানিয়ে দেয়, সোশ্যাল মিডিয়ায় যে আপত্তিজনক আচরণের অভিযোগ উঠেছে তা সঠিক নয়। ওই টিনএজারকে স্বাভাবিক হাই, হ্যালোর বেশি কিছু বলেননি অরবিন্দ।
ভারতের তিরন্দাজি সংস্থার অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে ডা. দীনেশ পারডিওয়ালার নেতৃত্বে ফিজিওথেরাপিস্ট, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট, স্লিপ থেরাপিস্ট-সহ ১৩ সদস্যের মেডিক্যাল টিম রয়েছে সেখানে বিতর্কিত ফিজিওকে রাখার যৌক্তিকতা কোথায়?
ফিজিওর সঙ্গে তিরন্দাজি দলের সঙ্গে রাখা হয়েছে সাইকোলজিস্ট গায়ত্রী ঘটককে। যিনি কয়েক মাস আগে যোগ দিয়েছেন। অরবিন্দ যাদব এএআইয়ের সেক্রেটারি জেনারেল বীরেন্দ্র সচদেভার ঘনিষ্ঠ। বারেবারে তিনি পিছনের দরজা দিয়ে ঢুকে পড়েন।
এশিয়ান গেমসের সময় অরবিন্দ ভারতের তিরন্দাজ দলের সঙ্গে ছিলেন না। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তিনি ফের চলে আসেন। অলিম্পিক্সের অ্যাক্রিডিটেশন পেয়ে গেলেন। যদিও এএআইয়ের অনেকে বলছেন, অরবিন্দ ও গায়ত্রীর জায়গায় উং কি ও সঞ্জীবকে রাখা যেত।
অরবিন্দ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছেন। এএআই প্রেসিডেন্ট অর্জুন মুণ্ডাও বিতর্ক চাইছেন না। যদিও হেড কোচের পাশাপাশি যে দ্রোণাচার্য হাই পারফরম্যান্স ডিরেক্টর সঞ্জীব ১০০ কোটি টাকা ব্যয়ে সেন্টার অব এক্সেলেন্স গড়েছেন এবং তিরন্দাজি বিশেষজ্ঞ, তাঁদের অলিম্পিক্সের আসরে রাখা হলে তিরন্দাজরা উপকৃত হতেন বলে মনে করা হচ্ছে।
অর্জুন মুন্ডার দাবি, তিনি হেড কোচের জন্য অতিরিক্ত একটি অ্যাক্রিডিটেশনের বন্দোবস্ত করতে বলেছিলেন আইওএ সভাপতি পিটি ঊষাকে। যদিও প্রয়োজনীয় তৎপরতা দেখায়নি আইওএ। উল্লেখ্য ভারতীয় দলের কোচ হিসেবে রয়েছেন আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের সোনম সিং ভুটিয়া ও মহিলা দলের কোচ পদ্মশ্রী পূর্ণিমা মাহাত। অলিম্পিক্সে ভারতীয় তিরন্দাজরা নামবেন প্রথমবার দেশকে পদক এনে দিতে। যদিও তার আগে একাধিক অভিযোগে জেরবার তিরন্দাজ দল।












Click it and Unblock the Notifications