Paris Olympics 2024: ইতিবাচক ফল মিলেছে বিরতিতেই! প্যারিস অলিম্পিক্সে সাঁতারে শ্রীহরি নটরাজের টার্গেট কী?
Paris Olympics 2024: প্যারিসে কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক্সে নামবেন শ্রীহরি নটরাজ। ভারতের এই সাঁতারু টোকিও অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জন করেছিলেন।
তবে প্যারিসে যাচ্ছেন ইউনিভার্সালিটি কোটায়। যাতে কেউ সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারলে কোনও দেশ সেরা সাঁতারুর নাম পাঠাতে পারে।

২০২৩ সালে জাতীয় গেমসে শ্রীহরি নটরাজ দুরন্ত সাফল্য পেয়েছিলেন। ১০টি পদক জেতেন, তার মধ্যে ৮টি সোনা। এরপর বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন। ২০১৭ সালে ১৬ বছর থেকে কঠোর অনুশীলন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার ধকল পড়েছিল শরীরে।
শ্রীহরি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ২০২৩ সালে অনেক রেসে নেমেছিলাম। এই ব্রেকটা না নিলে শরীর ভেঙে পড়তো। বড় চোটের সম্ভাবনা থাকতো। যাতে ব্যাহত হতো অনুশীলন। যে বিরতি নিয়েছিলেন তাতে তরতাজা হয়ে ফের জলে নেমে দাপট দেখাতে পারছেন।
যদিও সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারায় কিছুটা হতাশ শ্রীহরি। যে ধরনের অনুশীলন করেছিলেন তাতে কোয়ালিফাইং টাইম নিশ্চিত করা উচিত ছিল বলে মনে করেন। সেটা যদি এক ধাপ পিছিয়ে যাওয়া হয়, তবে স্বস্তি শেষ অবধি অলিম্পিক্সের টিকিট মেলায়। ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে নামবেন শ্রীহরি।
কী হলো ভালো হতো তা নিয়ে না ভেবে প্যারিসে কী করতে পারেন সেই ভাবনাকেই গুরুত্ব দিচ্ছেন শ্রীহরি। মে মাসের মেয়ার নস্ত্রাম ইভেন্টে স্পেন ও ফ্রান্সে দুটি রুপো জিতেছেন। বিরতির জন্যই গত মরশুমের চেয়ে এবার তাঁর প্রস্তুতি ভালো হয়েছে বলে জানাচ্ছেন শ্রীহরি।
রেস ডে-তে সামান্য ভালো করলেই সোনা জিততে পারতেন বলে মনে করেন তিনি। ২০২১ সালে ব্যাকস্ট্রোকে তাঁর সেরা সময় ছিল ৫৩.৭৭ সেকেন্ড। এখনও এটিই তাঁর করা সেরা সময়। বেঙ্গালুরুর বাসিন্দা শ্রীহরি ও তাঁর কোচ নীহার আমিন খুঁজে দেখার চেষ্টা করছেন, ঠিক কোথায় খামতি রয়েছে।
রেসে প্রথম ৫০ মিটারে আরও কিছুটা গতি বাড়ানোই লক্ষ্য শ্রীহরির। সেজন্য শর্ট স্প্রিন্টে জোর দিচ্ছেন। যা সামগ্রিকভাবে কম সময়ে দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে সহায়ক হবে বলে খবর। চলতি মরশুমে নটরাজের সেরা সময় ৫৪.৬৮ সেকেন্ড। ফলে আরও কিছুটা উন্নতি ঘটিয়ে, নিজের সেরা সময় করে অন্তত সেমিফাইনালে জায়গা পাকা করা পাখির চোখ বছর তেইশের শ্রীহরির। টোকিও অলিম্পিক্স-সহ আন্তর্জাতিক ইভেন্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পদক এলে তো সোনায় সোহাগা।












Click it and Unblock the Notifications