Paris Olympics 2024: জন্মদিনে সৃজার বিদায় শেষ ১৬ থেকেই! প্যারিস অলিম্পিক্সে টিটি-র সিঙ্গলসে শেষ ভারতের অভিযান
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের টিটি-র সিঙ্গলসে ভারতের শেষ আশাটুকুও শেষ। রাউন্ড অব সিক্সটিনে নিজের জন্মদিনে হেরে গেলেন সৃজা আকুলা।
তার কয়েক ঘণ্টা আগেই কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হন মনিকা বাত্রা। সৃজা হারতেই অলিম্পিক্স টিটি-র সিঙ্গলসে শেষ হয়ে গেল ভারতের অভিযান। কারণ, আগেই হেরেছেন অচন্ত শরৎ কমল ও হরমীত দেশাই।

প্রি কোয়ার্টার ফাইনালে সৃজার সামনে ছিলেন বিশ্বের ১ নম্বর তারকা চিনের সুন ইংশা। সৃজা ২৬ বছর পূর্ণ করলেন। জন্মদিনে তিনি রাউন্ড অব ৩২-এ হারিয়েছিলেন সিঙ্গাপুরের জেং জিয়ানকে। ৪-২ ব্যবধানে। প্রথম গেমে হেরে গিয়েছিলেন।
যদিও শেষ অবধি সৃজা প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন জিয়ানকে ৯-১১, ১২-১০, ১১-৪, ১১-৫, ১০-১২, ১২-১০ গেমে হারিয়ে। তার কয়েক ঘণ্টা পর প্রি কোয়ার্টার ফাইনালে অবশ্য তিনি হেরে গেলেন ০-৪ (১০-১২, ১০-১২, ৮-১১, ৩-১১) ব্যবধানে। যদিও বিশ্বের ১ নম্বরের বিরুদ্ধে প্রথম ২ গেমে তিনি ভালোই লড়াই চালালেন।
মনিকা বাত্রার পর ভারতের দ্বিতীয় প্যাডলার হিসেবে সৃজা অলিম্পিক্সের শেষ ১৬-এ জায়গা করে নিয়েছিলেন। কিন্তু তার চেয়ে বেশি আর এগোতে পারলেন না, মনিকার মতোই। সৃজা প্রথম গেমে ১০-৬ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু তারপরও জয় ছিনিয়ে ইংশা বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের ১ নম্বর। ৬ পয়েন্ট নিশ্চিত করে তিনি প্রথম গেম জেতেন।
দ্বিতীয় গেমেও সৃজা একটা সময় ৭-৪ ব্যবধানে এগিয়ে ছিলেন। পাঁচটি গেম পয়েন্ট আদায়ও করে নেন। কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি। প্রথম গেমের মতোই চাপের কাছে শেষ অবধি নতি স্বীকার করলেন। দ্বিতীয় গেমেও টানা সাত পয়েন্ট তুলে নিয়ে জয় নিশ্চিত করে ফেলেন বছর তেইশের ইংশা।
দুই গেমে মোট ৯টি গেম পয়েন্ট আদায় করেও কাজে লাগাতে না পারার হতাশা ক্রমেই গ্রাস করতে থাকে সৃজাকে। ফলে পরের দুটি গেমে তিনি আর তেমন লড়াই দিতে পারেননি। তৃতীয় গেমেও একটা সময় অবধি এক পয়েন্টের লিড আদায় করেছিলেন। কিন্তু এরপর ইংশা চার পয়েন্ট লিড নিতেই আশা শেষ হয়ে যায়। চতুর্থ গেমটি পুরোপুরিই একপেশে হয়েছে।
এর আগে, প্রি কোয়ার্টার ফাইনালে মনিকা বাত্রা হেরে যান জাপানের মিউ হিরানোর কাছে। হিরানো জেতেন ৪-১ ব্যবধানে। খেলার ফল ১১-৬, ১১-৯, ১২-১৪, ১১-৮, ১১-৬।












Click it and Unblock the Notifications