Paris Olympics 2024: সিমোন বাইলস ব্যালান্স বিমে পদক হারানোর পর রুপো পেলেন ফ্লোরে, একাদশ পদকে কোন নজির?
Paris Olympics 2024: অলিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি পদকজয়ী মহিলা জিমন্যাস্টদের তালিকায় যুগ্ম দ্বিতীয় স্থানে উঠে এলেন সিমোন বাইলস। এদিন তিনি জিতলেন অলিম্পিক্স কেরিয়ারের একাদশ পদক।
যার ফলে বাইলসের ঝুলিতে অলিম্পিক্সের সাতটি সোনা এবং দুটি করে রুপো ও ব্রোঞ্জ। আজ ব্যালান্স বিমে পদক জিততে পারলেই তাঁর ঝুলিতে অলিম্পিক্সের পদকের সংখ্যা বেড়ে হতো এক ডজন।

ব্যালান্স বিমে বাইলস রিও ও টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন। আজ দুটি পদক জয়ের হাতছানি ছিল বাইলসের সামনে। কিন্তু পেলেন একটি পদক। ব্যালান্স বিমে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন অ্যাপারেটাস থেকে পিছলে ম্যাটে পড়ে গিয়ে।
অ্যাক্রোব্যাটিক সিরিজের শেষেই ঘটে এই বিপত্তি। ভারাসাম্য রাখতে না পেরে বিম থেকে তিনি পড়ে যান। যাতে তাঁর মতোই হতাশ হন ভক্তরা। বাইলস ও সুনিসা লি-র স্কোর হয় ১৩.১০০। বাইলস থাকেন পাঁচে, সুনিসা ছয়ে।
অ্যালিস ডি'আমাটো জিতেছেন সোনা, তাঁর স্কোর ১৪.৩৬৬। রুপো জেতেন চিনের জাও ইয়াকিন (১৪.১০০)। ব্রোঞ্জ পেয়েছেন ইতালির মানিলা এসপোসিতো (১৪.০০০)। সুনিসা লি কয়েক মাস আগেও কিডনির অসুখে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। তাঁর প্যারিস অলিম্পিক্স অভিযান শেষ হলো, কিন্তু ব্যালান্স বিমে সোনা জয়ের লক্ষ্যপূরণ হলো না।
২১ বছরের সুনিসা প্যারিস থেকে জিতলেন তিনটি পদক। ব্যালান্স বিমে ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে ছিলেন চারে। তিনি ফ্লোর এক্সারসাইজের সোনাটি জিতে নিলেন। ফলে আজকের দিনটা বাইলসের পক্ষে ছিল না। কারণ, এদিনের আগে তিনি কখনও মেজর কম্পিটিশনে এই বিভাগে হারেননি।
২০১৬ সালে রিও অলিম্পিক্সে মহিলাদের ফ্লোরে বাইলস সোনা জিতেছিলেন। কিন্তু এদিন সন্তুষ্ট থাকতে হলো রুপো জিতেই। আন্দ্রাদের স্কোর দাঁড়ায় ১৪.১৬৬, বাইলসের ১৪.১৩৩। ব্রোঞ্জ পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্ডান চাইলস (১৩.৭৬৬)। এই রুপো বাইলসের কেরিয়ারের একাদশ অলিম্পিক্স পদক।
মহিলা জিমন্যাস্টদের মধ্যে সবচেয়ে বেশি ১৮টি অলিম্পিক্স পদক রয়েছে সোভিয়েত ইউনিয়নের লারিসা ল্যাটিনিনার। এদিন একাদশ পদক জিতে বাইলস ছুঁলেন চেকোস্লোভাকিয়ার ভেরা কাসলাভস্কাকে। বাইলসের এখন ২৭ বছর বয়স। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের সময় তাঁর বয়স হবে ৩১। তবু নিজের দেশে অলিম্পিক্সে ফের নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাইলস।
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে বাইলস টিম ইভেন্টে সোনা জেতেন। এ ছাড়া অল অ্যারাউন্ড ও ভল্টেও সোনা জেতেন। ব্যালান্স বিমে পদক পাননি। ফ্লোর এক্সারসাইজে রুপো জিতে এবারের মতো অলিম্পিকেস অভিযান শেষ করলেন কিংবদন্তি মার্কিন জিমন্যাস্ট।












Click it and Unblock the Notifications