Paris Olympics 2024: অ্যাথলিটদের তালিকা বাদ আভার নাম, বঙ্গ কন্যার অলিম্পিক্সের স্বপ্ন প্রবল অন্ধকারে
ভারতের অলিম্পিক্স দলে বাংলার একমাত্র মুখ ছিলেন আভা খাটুয়া। কিন্তু আভার অলিম্পিক্সে অংশগ্রহণ ঘিরে হঠাৎ করেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্যারিস অলিম্পিক্সের জন্য বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার তালিকা থেকে উধাও আভার নাম।
বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার অংশগ্রহণকারীদের তালিকা থেকে ভারতীয় শটপুটার আভা খাটুয়ার নাম অনুপস্থিতি ঘিরে জটিলতার সৃষ্টি হয়েছে। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থাও গোটা ঘটনায় অবাক এবং বিভ্রান্তির মধ্যে পড়েছে। প্যারিস অলিম্পিক্স গেমসের জন্য যোগ্যতা অর্জন করার সৌজন্যে বর্তমানে ভারতীয় অ্যাথলেটিক্স দলের বাকিদের সাথে পোল্যান্ডে প্রশিক্ষণ নিচ্ছেন আভা।

পিটিআইয়ের তথ্য অনুসারে, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)আভা খাটুয়ার নাম বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে খাটুয়া সহ ৩০ জন ক্রীড়াবিদদের একটি তালিকা জমা দেয় ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা। কিন্তু বর্তমানে বিশ্ব অ্যাথলেটিক্স তালিকায় শুধুমাত্র 29 জন ভারতীয় ক্রীড়াবিদ রয়েছে৷
আভা খাটুয়াকে বাদ দেওয়ার পেছনের কারণ রহস্যে ঘেরা। বিশ্ব অ্যাথলেটিক্স আধিকারিকদের এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থাও পুরোপুরি বিষয়টি নিয়ে অন্ধকারে আছে।
খাটুয়ার অনুপস্থিতি ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা। শট পাটার তার কেরিয়ারে সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। পোল্যান্ডে ভারতীয় দলের বাকি অ্যাথলিটদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেমন। তার বাদ যাওয়া, নিশ্চিত হলে, তার জন্য একটি বড় ধাক্কা হবে এবং পদকের আশাও ধাক্কা খাবে।
ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স শুরু হবে ১ অগস্ট থেকে। চলবে ১১ অগস্ট পর্যন্ত। ২৯ বছরের বাংলার মেয়ে আভা খাটুয়া অলিম্পিক্সে যোগ্যাতা অর্জন করেন। কিন্তু বর্তমানে তিনি মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। দু'মাস আগে জাতীয় ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শটপাটে১৮.৪১ মিটার ছুড়ে জাতীয় পর্যায়ে নতুন নজির সৃষ্টি করেছিলেন। গত বছর এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৮.০৬ মিটার ছুড়ে মনপ্রীত কউরের সঙ্গে যুগ্ম রুপোজয়ী হন।
মুম্বইয়ে কাস্টমসে কর্মরত আভা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের খুড়শি গ্রামের বাসিন্দা। লক্ষ্মীকান্ত খাটুয়ার মেয়ে আভা। তিনি ভাগচাষী। মেয়েকে পড়ানো এবং প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সে ভাবে সহযোগিতা করতে পারেননি।












Click it and Unblock the Notifications