Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক গেমসে ভারতের পতাকাবাহক শরৎ, কোন গুরুদায়িত্বে মেরি কম?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের জন্য পতাকাবাহকের নাম ঘোষণা করে দিল ভারত। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে শেফ দ্য মিশন ও ডেপুটি শেফ দ্য মিশনের নামও।
ভারতের কিংবদন্তি টেবল টেনিস খেলোয়াড় তথা সর্বশেষ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী টিটি প্লেয়ার অচন্ত শরৎ কমলের হাতেই মার্চ পাস্টের সময় থাকবে দেশের পতাকা।

ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ৪১ বছরের টিটি প্লেয়ার শরৎ কমল অলিম্পিকের আসরে ভারতীয় ক্রীড়াবিদদের ঐক্য ও উদ্দীপনার প্রতিভূ হয়ে উঠবেন। এই ঘোষণায় উচ্ছ্বসিত শরৎ কমল বলেন, আমার পঞ্চম তথা শেষ অলিম্পিক্সে নামতে চলেছি। সেখানে এত বড় সমান রূপকথা মনে হচ্ছে।
শরতের কথায়, গত তিন সপ্তাহ দারুণ গিয়েছে। প্রথমে নিশ্চিতই ছিলাম না অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করতে পারব কিনা। কিন্তু যেভাবে সিঙ্গাপুরে খেলেছি তাতে ক্রমতালিকায় ৫৪ ধাপ উঠে আসতে পেরেছি। তারপরই অলিম্পিক্সের আসরে দেশের পতাকাবাহকের দায়িত্ব পেলাম। বিশ্বে অনেক টিটি প্লেয়ারই এই সম্মান পাননি। আইওএ-র ফোন পেয়ে তাই বিশ্বাসই করতে পারছিলাম না।
২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে শরতের হাতেই ছিল দেশের পতাকা। কমনওয়েলথ গেমসে তিনি তিনটি সোনা জিতেছিলেন। ক্রমতালিকার নিরিখে এবারের অলিম্পিকের টিটিতে ভারতের পুরুষ ও মহিলা দল অলিম্পিক্সে নামার যোগ্যতা অর্জন করে ফেলেছে।
মহিলাদের বক্সিংয়ে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এমসি মেরি কম প্যারিস অলিম্পিক্সে যাবেন শেফ দ্য মিশন হিসেবে। তিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। ডেপুটি শেফ দ্য মিশন হিসেবে ঘোষণা করা হয়েছে শিবা কেশবনের নাম।
অলিম্পিক্সের মূল কেন্দ্র থেকে অনেকটা দূরে শ্যুটিং রেঞ্জ। ফলে ভারতীয় শ্যুটারদের যাবতীয় প্রস্তুতির তত্ত্বাবধানে থাকবেন অলিম্পিক শ্যুটিংয়ে ব্রোঞ্জজয়ী গগন নারাং। এবারই ভারত থেকে সবচেয়ে বেশি শ্যুটার যাচ্ছেন অলিম্পিক্সে। ইতিমধ্যেই ১৯টি কোটা পূরণ হয়ে দিয়েছে। আইওএ সভাপতি পিটি ঊষা বলেন, যাঁদের এই দায়িত্বগুলি দেওয়া হয়েছে তাঁদের অভিজ্ঞতা, ডেডিকেশন ও প্যাশন তরুণ অ্যাথলিটদের সেরাটা দিয়ে দেশকে গর্বিত করার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।












Click it and Unblock the Notifications