Paris Olympics 2024: রীতিকা জোর টক্কর দিলেন শীর্ষবাছাইকে! ব্রোঞ্জের আশা থাকল, ১-১ ফলের পরেও কেন হার?
Paris Olympics 2024: প্যারিসেই অলিম্পিক্স কেরিয়ার শুরু। আর তাতেই ছাপ রাখলেন রীতিকা হুডা। কোয়ার্টার ফাইনালে শীর্ষবাছাইয়ের কাছে হারলেন।
তবে আগাগোড়া জোর টক্কর দিলেন। লিডও নিতে দেননি প্রতিপক্ষকে। কিছুটা দুর্ভাগ্যেরই শিকার হলেন হরিয়ানার রোহতকের রীতিকা। এখনও থাকল ব্রোঞ্জ জয়ের আশা।

কোয়ার্টার ফাইনালে রীতিকার প্রতিপক্ষ ছিলেন কিরগিজস্তানের কুস্তিগীর আইপেরি মেডেট কিজি। যিনি গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন। রীতিকা প্রথম পিরিয়ডের পর বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন।
কিরগিজ কুস্তিগীর সিঙ্গল লেগ অ্যাটাকের চেষ্টা করলেও রিতিকা দারুণভাবে ডিফেন্স করেন। প্যাসিভিটি ওয়ার্নিং প্রথমে পেয়েছিলেন কিজি। ৩০ সেকেন্ডে তিনি পয়েন্ট আদায় করতে না পারায় রীতিকাই লিড নেন ১ পয়েন্টের।
পরের পিরিয়ডে প্যাসিভিটি ওয়ার্নিং পান রীতিকা। তিনিও বাকি ৩০ সেকেন্ডে পয়েন্ট আদায় করতে পারেননি। ফলে এই পিরিয়ডে ১ পয়েন্ট পেয়ে যান শীর্ষবাছাই। রীতিকার আগ্রাসী রণকৌশলে তাঁকে ক্লান্তও লাগছিল। বাউট শেষ হয় ১-১ ফলে।
কুস্তির নিয়ম অনুসারে যিনি সর্বশেষ পয়েন্ট পান, বাউটের শেষে সমান-সমান পয়েন্ট থাকলে তিনিই বিজয়ী ঘোষিত হন। ফলে রীতিকা নন, কিজিই চলে গেলেন সেমিফাইনালে। তবে অলিম্পিক্স অভিষেকের দিনে রীতিকা শীর্ষবাছাইয়ের বিরুদ্ধে যে পারফরম্যান্স উপহার দিলেন তাতে সন্তুষ্ট সাক্ষী মালিক।
সাক্ষীর আশা, রীতিকার যত অভিজ্ঞতা বাড়বে, ততই তাঁর আরও উন্নতির পথও খোলা থাকবে। ভবিষ্যতে তিনি দেশকে অনেক সোনা, রুপো এনে দিতেই পারেন। উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সেও রীতিকার সামনে পদকের রাস্তা খোলা থাকছে।
যে শীর্ষবাছাই কিরগিজ কুস্তিগীরের কাছে রীতিকা হারলেন তিনি ফাইনালে উঠলেই রিপেচেজ রাউন্ড খেলার সুযোগ থাকবে রীতিকার সামনে। তার মাধ্যমে তিনি ব্রোঞ্জ জিততেই পারেন। আজ রাতেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে সেমিফাইনালের পর। প্রি কোয়ার্টার ফাইনালে রীতিকা এদিন হারিয়ে দেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দু-বারের ব্রোঞ্জজয়ী হাঙ্গেরির বার্নাডেট ন্যাগিকে। ফল ১২-২।












Click it and Unblock the Notifications