Paris Olympics 2024: প্রত্যেক অ্যাথলিট ভারতের গর্ব, প্যারিস অলিম্পিক্স উদ্বোধনের আগে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনের আগে ভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, প্রত্যেক অ্যাথলিট দেশের গর্ব।
প্যারিসে স্যেন নদীতে হবে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। সকাল থেকে প্যারিসের আকাশ মেঘলা। বৃষ্টিও হচ্ছে। ট্রেন বিপর্যয় চলছে। তবে তাতেও উৎসাহে খামতি নেই ক্রীড়ামোদী মানুষের।

প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে চলা ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রীর বাসভবনে ডেকে তাঁদের উৎসাহিত করেছিলেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে অনেকে যোগ দেন ভার্চুয়ালি। ভারতীয় ক্রীড়াবিদদের পদক জয়ে উৎসাহিত করার পাশাপাশি অলিম্পিক্সের আসর থেকে শিক্ষালাভের পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
As the Paris #Olympics commences, my best wishes to the Indian contingent. Every athlete is India’s pride. May they all shine and embody the true spirit of sportsmanship, inspiring us with their exceptional performances. #Paris2024
— Narendra Modi (@narendramodi) July 26, 2024
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, প্যারিস অলিম্পিক্স শুরু হচ্ছে। ভারতের সকলকে আমার শুভেচ্ছা। প্রতিটি অ্যাথলিট ভারতের গর্ব। খেলোয়াড়সুলভ স্পিরিটের নির্দশন রেখে সকলের সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। ক্রীড়াবিদরা নিজেদের অসাধারণ পারফরম্যান্সে সকলকে অনুপ্রাণিত করবেন বলেও আশা প্রধানমন্ত্রীর।
ভারতের ১২টি ক্রীড়াক্ষেত্রের খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে প্যারেড অব নেশনসে উপস্থিত থাকবেন ৭৮ জন। ভারত প্যারেড অব নেশনসে ৮৪তম দেশ হিসেবে থাকছে। ভারতের জাতীয় পতাকা থাকবে পিভি সিন্ধু ও অচন্ত শরৎ কমলের হাতে।
Honored to represent India with the amazing Indian team in our national colors! 🇮🇳 Let's make India proud! #Paris2024 pic.twitter.com/td6cbSztUP
— Lakshya Sen (@lakshya_sen) July 26, 2024
তেরঙা দিয়ে ডিজাইন করা শাড়ি পরে অংশ নেবেন মহিলারা। পুরুষদের পরনে কুর্তা। অনেকে ইতিমধ্যেই গেমস ভিলেজ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে রওনা দেওয়ার আগে নিজেদের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পিভি সিন্ধু পতাকাবাহকের দায়িত্ব পেয়ে অভিভূত।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কয়েক লক্ষ মানুষের সামনে জাতীয় পতাকা ধরার সুযোগ পাচ্ছি। এটা আমার জীবনের সেরা সম্মানগুলির অন্যতম। উল্লেখ্য, রিও অলিম্পিক্সে রুপো ও টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর সিন্ধু নিজের কেরিয়ারের তৃতীয় অলিম্পিক্সে টানা পদক জয়ের লক্ষ্যে নামছেন।
আজকের প্যারেড অব নেশনসে যে উল্লেখযোগ্য ক্রীড়াবিদরা রয়েছেন তাঁরা হলেন দীপিকা কুমারী, তরুণদীপ রাই, পিভি সিন্ধু, লাভলিনা বরগোঁহাই, অনুশ আগরওয়ালা, শুভঙ্কর শর্মা, কৃষাণ পাঠক, নীলকান্ত শর্মা, যুগরাজ সিং, তুলিকা মান, বিষ্ণু সর্বানন, নেত্র কুমানন, অঞ্জুম মৌদগিল, সিফট কৌর সামরা, ঐশ্বরী প্রতাপ সিং তোমর, অনীশ, শ্রীহরি নটরাজ, ধিনিধি দেসিংঘু, শরৎ কমল, মনিকা বাত্রা, লক্ষ্য সেন রোহন বোপান্না, সুমিত নাগাল ও শ্রীরাম বালাজি।
তবে ভারোত্তোলক, কুস্তিগীররা এদিনের প্যারেড অব নেশনসে থাকছেন না। অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে যাঁরা নামবেন তাঁরাও এখনও প্যারিসে পৌঁছননি। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়াও আজ প্যারিসে নেই। অনেক ক্রীড়াবিদ নিজেদের ইভেন্টের কথা ভেবে আজ অনেক রাত অবধি চলা উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছেন।












Click it and Unblock the Notifications