স্বাধীনতা দিবসেই সাক্ষাৎ, প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠক করবেন মোদী
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নীরজ চোপড়া সেদিন থাকতে পারবেন না বলেই খবর।
অলিম্পিক্স হোক বা বিশ্বকাপের সাফল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রীড়াবিদদের সঙ্গে বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন। রিও, টোকিওর পর এবারও তার ব্যতিক্রম হলো না। অলিম্পিয়ানরা পেলেন বিশেষ আমন্ত্রণ।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে যোগ দেবেন। সেই অনুষ্ঠান সেরেই তিনি সাক্ষাৎ করবেন ক্রীড়াবিদদের সঙ্গে। প্যারিস অলিম্পিক্সের পদকজয়ী-সহ অ্যাথলিটরা লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও হাজির থাকতে পারেন বলে খবর।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেরে বেলা ১টা নাগাদ প্যারিস অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করে ফেরা ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ভারত থেকে এবার ১১২ জন অংশ নিয়েছিলেন। ৫ জন ছিলেন রিজার্ভে। সকলেই পেয়েছেন মোদীর আমন্ত্রণ।
প্যারিস অলিম্পিক্স অভিযানে যাওয়ার আগে ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। তার আগে সেদিনই মোদী দেখা করেছিলেন টি২০ বিশ্বকাপ জিতে ফেরা ভারতীয় দলের ক্রিকেটার, কোচ ও বিসিসিআই কর্তাদের সঙ্গে।
প্যারিস অলিম্পিক্সে যাঁরাই পদক জিতেছেন তাঁদের সঙ্গে ফোনে কথা বলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভিনেশ ফোগাট ১০০ গ্রাম বেশি ওজনের জন্য ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর তাঁর মনোবল বাড়াতেও এক্স হ্যান্ডলে টুইট করেন প্রধানমন্ত্রী। টোকিও অলিম্পিক্স থেকে ফেরা অনেকেই মোদীকে উপহার দিয়েছিলেন নানা ক্রীড়া সরঞ্জাম। এবারও তেমন কিছু হতে পারে বলে জানা যাচ্ছে।
প্যারিস অলিম্পিক্সে ভারত এবার ৭১তম স্থানে শেষ করেছে পদক তালিকায়। ১টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ মোট ৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে।












Click it and Unblock the Notifications