Paris Olympics 2024: মোদীর ফোন পেলেন মনু! আরও পদক জয়ে ভাকেরকে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী
Paris Olympics 2024: মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদকটি সুনিশ্চিত করলেন। ১০ মিটার এয়ার পিস্তলে জিতলেন ব্রোঞ্জ।
এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে মনুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই টুইটের প্রেক্ষিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মনু। এরই মধ্যে তিনি প্যারিসে বসে পেলেন প্রধানমন্ত্রীর ফোন।

২২ বছরের মনু ভাকেরকে ফোন করে অভিনন্দন জানানোর পাশাপাশি উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। টোকিও অলিম্পিক্সে পিস্তল খারাপ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন মনু। যার জেরে কেরিয়ারের প্রথম অলিম্পিক্সের তিনটি ইভেন্টেই ফাইনালে উঠতে পারেননি।
তিন বছরের মধ্যেই উলটপুরাণ। মনু দেশের প্রথম মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সের পদক জিতলেন। মনুর সঙ্গে মোদীর কথোপকথনে এইসব বিষয় উঠে এলো। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ও ২৫ মিটার পিস্তল ইভেন্টে অংশ নেবেন মনু। আরও সাফল্যের বিষয়ে আশাবাদী মোদী।
#WATCH | Prime Minister Narendra Modi interacts with Olympic Bronze Medalist Manu Bhaker and congratulated her on winning a Bronze medal in Women’s 10 M Air Pistol at #ParisOlympics2024 pic.twitter.com/IHrumNS5yv
— ANI (@ANI) July 28, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মনুকে অভিনন্দন জানিয়ে বলেন, "তোমার জয়ের খবর শুনেই খুভ ভালো লাগছে। অল্পের জন্য রুপো হাতছাড়া হয়েছে। কিন্তু তাতেই তুমি দেশকে গর্বিত করেছো। যোগ্য হিসেবেই তুমি এই কীর্তি গড়েছো।" দেশে এই ব্রোঞ্জ আনতে পারা, অলিম্পিক্সের আসর থেকে প্রথম মহিলা শ্যুটার হিসেবে, তা যে বিরাট ব্যাপার তাও মনে করান মোদী।
গত বছর শ্যুটিং ছেড়ে দেওয়ার কথাও এসেছিল মনুর মাথায়। কিন্তু শেষ অবধি বিরত থেকে যে সঠিক কাজটাই করেছেন তা আজ প্রমাণিত। টোকিও অলিম্পিক্সে বন্দুক বিভ্রাটের ঘটনা যে আজকের পদক জয়ে পুষিয়ে গেল, তেমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী।
পরের ইভেন্টগুলির জন্যও শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী। মোদী এদিন মনুকে বলেন, "আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি তুমি আসন্ন ইভেন্টগুলিতে আরও ভালো করবে। যদি শুরুটাই এতো ভালো হয়, তাহলে নিশ্চিতভাবেই তা তোমার আত্মবিশ্বাস বাড়াবে। তাতে তুমি ফের দেশকে গর্বিত করতে পারবে।"
মোদী আরও জানান, তিনিও সর্বতোভাবে চেষ্টা চালিয়েছেন যাতে প্যারিসে ভারতীয় ক্রীড়াবিদরা সেরা পরিকাঠামোই পান। উল্লেখ্য, দেশের পঞ্চম শ্যুটার হিসেবে অলিম্পিক্স থেকে পদক জিতলেন মনু। এর আগে যাঁরা দেশের হয়ে অলিম্পিক্সের শ্যুটিং থেকে পদক জিতেছেন তাঁরা হলেন- রাজ্যবর্ধন সিং রাঠোর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার ও গগন নারাং।
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে বিজয় ও গগন পদক জিতেছিলেন। ফলে ১২ বছর পর ভারত অলিম্পিক্স শ্যুটিং থেকে পদক জিতল। এই সংখ্যা আরও বাড়বে বলে আত্মবিশ্বাসী মনু ভাকেরও। তিনি কালই নামছেন ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিমের বাছাই পর্বে। এ ছাড়া ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে উঠে পদকের আশা জিইয়ে রেখেছেন রমিতা জিন্দল ও অর্জুন বাবুতা।












Click it and Unblock the Notifications