Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনে থাকছে একাধিক চমক, নজরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি
Paris Olympics 2024: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই আনুষ্ঠানিকভাবে সূচনা হবে প্যারিস অলিম্পিক্সের। আজ কোনও ইভেন্ট নেই। কাল থেকে রয়েছে মেডেল রাউন্ড।
এই প্রথম অলিম্পিক্সের উদ্বোধন হতে চলেছে কোনও স্টেডিয়ামের বাইরে। এই প্রতিবেদনে আলোকপাত করা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে।

স্যেন নদীতে এবং আইফেল টাওয়ারের পাদদেশে বিস্তৃত এলাকা দিয়ে চলবে অভিনব উদ্বোধনী অনুষ্ঠান। ক্রীড়াবিদদের বোট প্যারেডেও হাজির করানো হবে। বেশি সংখ্যক ক্রীড়ামোদী মানুষকে যুক্ত করতেই এই উদ্যোগ, নয়নাভিরাম প্যারিসের সৌন্দর্যের মধ্যেই।
জানা যাচ্ছে, থমাস জলির নির্দেশনায় এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে ৪ ঘণ্টা ধরে। ভারতীয় সময় রাত ১১টা নাগাদ তা শুরু হওয়ার কথা রয়েছে। থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতের পতাবাহকের ভূমিকায় থাকবেন পিভি সিন্ধু ও অচন্ত শরৎ কমল।
এই নিয়ে ফ্রান্সের পঞ্চম মহিলা ক্রীড়াবিদ দেশের পতাকাবাহকের দায়িত্বে। ১৯৬৮ সালে ক্রিস্টিন ক্যারন, ১৯৯৬ সালে মারি-হোসে পেরেচ, ২০১২ সালে লরা ফ্লেসেল ও ২০২১ সালে ক্ল্যারিস আগবেগনেনুর পর এবার ফ্রেঞ্চ ফ্ল্যাগ থাকবে মেলিনা রবার্ট-মিকনের হাতে, তাঁর সঙ্গে থাকবেন ফ্লোরেন্ত মানাউদো।
পাঁচটি দেশের প্রতিনিধিত্ব করবেন ১ জন করে। দেশগুলি হলো বেলিজ, লিচেনস্টেইন, নরু, সোমালিয়া ও তুভালু। প্যারেড, লাইভ শো চলবে স্যেন নদীতে মোট ৬ কিলোমিটার এলাকা দিয়ে। ফরাসি ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। থাকছে ১২টি বিশেষ আর্টিস্টিক ডিসপ্লে।
স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান করতে ইতিমধ্যেই অলিম্পিক চার্টার বা অলিম্পিক্স সংক্রান্ত নিয়মের ৫৪.১ ধারায় সংশোধন আনা হয়েছে। অলিম্পিক স্টেডিয়ামের জায়গায় এসেছে সাইট অব দ্য ওপেনিং সেরিমনি। স্যেন নদীর ধারে বসানো হয়েছে ৮০টি জায়ান্ট স্ক্রিন।
প্যারেডে ৮৫টি বোট থাকছে বলে জানা যাচ্ছে। ১৯২৪ সালের ১০০ বছর পর ফের অলিম্পিক্সের আসরে প্যারিসে। ১১০টি দেশের রাষ্ট্রপ্রধানদের এদিনের অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারে ছিল ৪০টি ক্যামেরা। এবার সেই বাড়িয়ে ১২০ করা হয়েছে।
ফ্রান্সের নানা প্রান্তে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের লক্ষ্যে ১৪০টি '২০২৪ ক্লাব'কে যুক্ত করা হয়েছে। ২০৫টি দেশের প্রতিনিধিত্ব থাকছে। থাকছেন ১০,৫০০ ক্রীড়াবিদ। তার মধ্যে ফ্রান্স থেকেই ৫৭১ জন।
অলিম্পিক্সের সম্প্রচার অসামান্য উচ্ছতায় রাখতে ৪০০ ওবিএস স্টাফ থাকছেন। ২০০টি স্মার্টফোন, ৮টি ড্রোন, তিনটি হেলিকপ্টার, চারটি স্টেবিলাইজড বোট থাকছে। ফরাসি অ্যাথলিটদের জন্য পোশাক বানিয়েছে এলভিএমএইচ গ্রুপের ব্র্যান্ড বার্লুতি।
৪০০ নৃত্যশিল্পী-সহ ৩ হাজার শিল্পী এদিনের অনুষ্ঠানে নানা উপস্থাপনা নিয়ে হাজির থাকবেন। নির্দেশনায় মাউদ লে প্লাদেচ। থাকছেন ২০০ ড্রেসার, ৩০০ হেয়ারড্রেসার ও মেক-আপ আর্টিস্ট। স্যেন নদীর দুই ধারে এই অনুষ্ঠানের সাক্ষী থাকবেন ৩ লক্ষ ২৬ হাজার দর্শক, যা নজিরবিহীন।












Click it and Unblock the Notifications