Paris Olympics 2024: অলিম্পিক বক্সিংয়ে ভারতের ঝুলিতে ৩ ব্রোঞ্জ! প্য়ারিসে পদকের রং বদলাতে আত্মবিশ্বাসী নিশান্ত
Paris Olympics 2024: প্যারিসে অলিম্পিক্স শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে। ১১ অগাস্ট অবধি চলবে এবারের সামার গেমস। ভারত থেকে ১১৩ জন ক্রীড়াবিদের অংশ নেওয়ার কথা।
এবারের অলিম্পিক্স থেকেই সর্বকালীন সেরা সংখ্যক পদক জিততে আশায় বুক বাঁধছে দেশ। অলিম্পিক বক্সিং থেকে বেশ কয়েকটি পদক প্রত্যাশা করা হচ্ছে।

২০০৮ সালে বিজেন্দ্র সিং, ২০১২ সালে এমসি মেরি কম ও ২০২১ সালে লভলিনা বরগোঁহাই অলিম্পিক বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন। এবার লাভলিনা, নিখাত জারিনদের উপর পদকের প্রত্যাশা করছে দেশ। পুরুষদের মধ্যে পদক জয়ের বড় দাবিদার বলে মনে করা হচ্ছে নিশান্ত দেবকে।
লাইট মিডলওয়েট বা ৭১ কেজি বিভাগে প্যারিস অলিম্পিক্সের বক্সিং রিংয়ে নামবেন নিশান্ত। তিনি বলেছেন, আমার লক্ষ্যই হলো বক্সিংয়ে অলিম্পিক পদকের রং বদলানো। আমাদের দেশের বক্সাররা অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ জিতেছেন। কিন্তু রুপো বা সোনা জয় সম্ভব হয়নি। আমি সেটাই করে দেখাতে চাই।
নিশান্ত জানান, রুপো বা সোনা জয়ের বিষয়ে তাঁর আত্মবিশ্বাস রয়েছে। তাঁর কথায়, ভালো অনুশীলন হয়েছে। তবে দিনের শেষে ঈশ্বরের উপরও আস্থা রাখতে হয়। উল্লেখ্য, ২০২১ সালে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেই কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন নিশান্ত। তাতেই নজর কাড়েন।
এর ঠিক ২ বছর পর তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের নমুনা রেখে। সেবার শেষ আটের দ্বৈরথে তিনি জর্জ কুয়েলারকে হারিয়েছিলেন সর্বসম্মত সিদ্ধান্তে। সেই জয়ই প্রথম আন্তর্জাতিক পদকের পথ প্রশস্ত করেছিল নিশান্তের আত্মবিশ্বাস বাড়িয়ে।
নিশান্ত জানিয়েছেন, ওই পদক জয়ের পরই তিনি কিউবা, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কাজাখস্তানের মতো বক্সিংয়ে শক্তিধর দেশগুলির বক্সারদের বিরুদ্ধে নামতে পারেন ভয়ডরহীনভাবেই। নিশান্তের কথায়, কিউবার বক্সারকে কোয়ার্টার ফাইনালে হারানোর মধ্যে দিয়েই সব ভয় দূর হয়ে গিয়েছিল।
১০০ শতাংশ দিলে সেরা বক্সারদের হারানো যায়, কাউকে ভয় করার কিছু নেই। এই বিশ্বাস নিয়েই প্যারিস অলিম্পিক্সের আসরে যাচ্ছেন নিশান্ত। হরিয়ানার বক্সার জানান, চাপমুক্ত থেকেই রিংয়ে নামবেন। প্রতিপক্ষের নাম বা তাঁর দেশের নাম মাথায় রাখবেন না।
মে মাসে ব্যাঙ্ককে চূড়ান্ত কোয়ালিফাইং ইভেন্টে দাপট দেখিয়ে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করেছেন নিশান্ত। তার আগে ভালো শুরু করেও মার্কিন যুক্তরাষ্ট্রের ওমারি জোন্সের কাছে হেরে যাওয়ায় এবারের অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে কিছুটা দেরি হয় তাঁর। সেবার প্রথম দুটি রাউন্ডে জেতার পরও শেষরক্ষা হয়নি।
ওই হার থেকে শিক্ষা নিয়েছেন বলে জানান নিশান্ত। তিনি বলেন, তৃতীয় রাউন্ডে ক্লান্ত হয়ে পড়ছিলাম। এরপরই স্ট্য়ামিনা বাড়ানোর কাজে ফোকাস রাখি। রণকৌশলের পাশাপাশি নিজের বডি শেপেও কিছু পরিবর্তন এনেছেন। এবার কথাকে কাজে পরিণত করারই চ্যালেঞ্জ অলিম্পিক্সের আসরে।












Click it and Unblock the Notifications